
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক নারীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রেজাউল মণ্ডল (৩৭) নামের ওই ব্যক্তি গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে র্যাব রেজাউলকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে র্যাব-৪-এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হাসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার রেজাউলের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নেহালপুর গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নেহালপুর গ্রামের সিরাজুল ইসলাম ও রেজাউল মণ্ডল পাটুরিয়া ফেরিঘাট এলাকায় চায়ের দোকান চালাতেন। পাশাপাশি দোকান থাকায় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এই সম্পর্কের কারণে রেজাউল মাঝেমধ্যে সিরাজুলের বাড়িতে যেতেন। একপর্যায়ে সিরাজুলের স্ত্রী সালেহা বেগমের সঙ্গে রেজাউলের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়।
র্যাব জানায়, ২০১১ সালের ১ আগস্ট রাতে সিরাজুল বাড়িতে না থাকায় রেজাউল তাঁর বাড়িতে যান। একপর্যায়ে সালেহা রেজাউলকে বিয়ের জন্য চাপ দেন। তবে রেজাউল রাজি না হওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সালেহাকে শ্বাসরোধে হত্যা করে রেজাউল পালিয়ে যান।
এ ঘটনার পরের দিন নিহত সালেহার ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে রেজাউলকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন। পরে পুলিশ আসামি রেজাউলকে গ্রেপ্তার করে। এরপর রেজাউল চার বছর কারাগারে থাকেন। মামলার চূড়ান্ত রায়ের কয়েক মাস আগে জামিনে বের হয়ে আত্মগোপনে যান রেজাউল।
২০১৫ সালে আদালতে অপরাধী প্রমাণিত হওয়ায় বিচারক রেজাউলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি ছদ্মবেশে রাজবাড়ীর দৌলতদিয়া, ঢাকার সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে অবস্থান করেন বলে র্যাব জানিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হাসান বলেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে রেজাউল এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতেন। গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। গোয়ালন্দে রেজাউল তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন।
আজ দুপুরে আসামিকে শিবালয় থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।