
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস সড়কের বশিপুর মহল্লায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুর ইসলাম (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নুর ইসলামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার চকগুপি গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সান্তাহারের মাছের আড়ত থেকে মাছ কিনে সাইকেলে করে নুর ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক্টর তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।