দুদকের মামলা

বটিয়াঘাটার সাবেক ওসি ও তাঁর স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন

দুর্নীতি
প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়ার অপ্রদর্শিত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করে রাখার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলা চলাকালীন অপ্রদর্শিত এসব সম্পত্তি আসামিরা যেন হস্তান্তর করতে না পারেন, সে জন্য ওই আবেদন জানানো হয়।

ওই আদালতের বিচারক মাহমুদা খাতুন আবেদন গ্রহণ করে তা যাচাই শেষে রায় প্রদানের কথা জানিয়েছেন। ওই দুজনের নামে প্রায় ৫১ কোটি টাকার অপ্রদর্শিত সম্পত্তি রয়েছে। এ ছাড়া রয়েছে চারটি ব্যাংক হিসাব। দুদকের মামলায় তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। আজ তাঁরা জামিন আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাঁদের জামিন আবেদন বাতিল করেছেন।

৫ মে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তাঁরা কারাগারে রয়েছেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, শেখ আবু বকর সিদ্দিকের নামে থাকা খুলনা ও বাগেরহাটের কয়েকটি জমির দলিল, সোনাডাঙ্গায় আবাসিক এলাকার একটি বাড়ির দলিল ও ঈদ উপলক্ষে ছেলেকে উপহার দেওয়া ৫২ লাখ টাকার গাড়ির কাগজপত্র জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইএফআইসি, উত্তরা ব্যাংক ও জনতা ব্যাংকের চারটি হিসাব জব্দ করার আবেদন জানানো হয়েছে। দুদক খুলনার উপপরিচালক এম এ ওয়াদুদ আদালতে ওই আবেদন করেছেন।

অন্যদিকে শারীরিকভাবে অসুস্থ ও মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে জানিয়ে জামিনের আবেদন করেছিলেন ওই দুই আসামি। বিচারক সেই জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এর আগে ৫ মে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তাঁরা কারাগারে রয়েছেন।

২০২১ সালের ৯ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়াকে হস্তান্তরের অভিযোগে স্ত্রী ও আবু বকরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। মামলা দুটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. আল-আমিন।