সাভারে দুই পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া থেকে দুই পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি খোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলম সোনার (৩৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনদিঘীহাট এলাকার শৌলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে কালিয়াকৈর এলাকার কৃষিজমিতে কাজ করতে গিয়ে পাশেই একটি খোলা মাঠে ওই যুবকের লাশ দেখতে পান কয়েকজন কৃষক। পরে তাঁরা স্থানীয় বাসিন্দাদের জানালে তাঁরা সাভার মডেল থানা–পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ক্রিকেট খেলার স্টাম্প জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, লাশের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত আছে। খবর পেয়ে সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে লাশের পরিচয় শনাক্ত করেন।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কুদ্দুস বলেন, কালিয়াকৈর এলাকা থেকে দুই পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ক্রিকেট খেলার স্টাম্প জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।