বরেন্দ্র গবেষণা জাদুঘর

সিংহভাগ প্রত্ননিদর্শন বাক্সবন্দী

  • জাদুঘরটি ১৯৬৪ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে।

  • জাদুঘরে সংস্কৃত পাণ্ডুলিপি আছে ৩ হাজার ৯০০টি। আর বাংলা আছে ১ হাজার ৭০০টি।

রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। নগরের হেতেম খাঁ এলাকায় গতকাল মঙ্গলবার

বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রায় ১৭ হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। তবে মাত্র ১ হাজার ২০০টি নিদর্শন গ্যালারিতে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। বাকিগুলো গুদামে তালাবন্দী অবস্থায় রয়েছে।

আজ ১৮ মে সারা দেশে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হচ্ছে। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘জাগৃতি ও উৎকর্ষে জাদুঘর’।

কক্ষে তালাবদ্ধ থাকায় জাদুঘরে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে সংস্কৃত ও বাংলায় রচিত কয়েক হাজার মূল্যবান পুঁথির পাণ্ডুলিপি।

জাদুঘর সূত্রে জানা যায়, নাটোরের দীঘাপাতিয়ার রাজকুমার শরৎকুমার রায় ছাত্রজীবন শেষে গ্রিস, ইটালি ও মিশরের বিভিন্ন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ দেখে নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি দেশে ফিরে ‘বরেন্দ্র অনুসন্ধান সমিতি’ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। এ সমিতি প্রথমেই বরেন্দ্র অঞ্চলের পুরাকীর্তি অনুসন্ধানে নেমে পড়ে। এ সমিতির সংগ্রহ নিয়ে ১৯১০ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজা প্রমদানাথের প্রদত্ত জমিতে শরৎকুমার রায় সে সময় ৬৩ হাজার টাকা দিয়ে একটি ভবন নির্মাণ করেন। এর নকশাও শরৎকুমার করেছিলেন। জাদুঘরটি ১৯৬৪ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত হয়ে আসছে।

জাদুঘর কর্তৃপক্ষ আরও জানায়, প্রস্তর ও ধাতব প্রস্তর যুগের ভাস্কর্য; টেরাকোটা, মুদ্রা ও পাণ্ডুলিপি; ধাতব সামগ্রী এবং শিলালিপি মিলে বর্তমানে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কিছু সংগ্রহ রয়েছে, যা শুধু এ জাদুঘরে সংগৃহীত রয়েছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় জাদুঘরের অধিকাংশ নিদর্শন গুদামে তালাবদ্ধ করে রাখা হয়েছে। গবেষণা জাদুঘরে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার মূল্যবান পুঁথির পাণ্ডুলিপি। এসব পুঁথির ডিজিটাল কপিও নেই।

কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, প্রাচীন পুঁথির পাণ্ডুলিপিগুলো রাখা হয়েছে একটি ভান্ডারকক্ষে। যথাযথ সংরক্ষণের অভাবে এগুলো নষ্টের পথে। কিছু কিছু পাণ্ডুলিপি এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে সংস্কৃত পাণ্ডুলিপি আছে ৩ হাজার ৯০০টি। আর বাংলা আছে ১ হাজার ৭০০টি। ১২৭৩ খ্রিষ্টাব্দ এবং ত্রয়োদশ শতকের কোনো এক সময়ের তালপাতায় লিখিত ও রঙিন চিত্রকর্ম দ্বারা শোভিত দুটি পাণ্ডুলিপিও আছে জাদুঘরে। এগুলোর মধ্যে মাত্র ১২টি প্রদর্শিত হচ্ছে।

পাণ্ডুলিপির ঘরে গিয়ে দেখা যায়, ২৮টি তাকে প্রাচীন সাহিত্যের নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে। কোনো কোনটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। একটি পুঁথি খুলে দেখা গেল, সেটিতে তাল পাতার পুঁথি। তবে ঘুণে ধরেছে। প্রতিটি পাতায় রয়েছে ঘুণে খাওয়া ফুটো। হাজার বছরের এসব ঐতিহ্য হারাতে বসেছে।

এ ছাড়া, জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীদের ৬৫টি পদের মধ্যে যুগ্ম পরিচালক, উপপরিচালক, সচিব, জুনিয়র অফিসারসহ ৩০টি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে ‘হেরিটেজ আর্কাইভস-রাজশাহী’র প্রতিষ্ঠাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মাহবুবর রহমান বলেন, জায়গা না থাকার কারণে এভাবে রাখা হয়েছে। উন্মুক্ত জায়গায় তো রাখা যাবে না। তালপাতার পুঁথি বা অন্য যে পুঁথিগুলো রয়েছে এগুলো অবশ্যই একটি নির্দিষ্ট তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরে রাখতে হবে। কিন্তু এখানে অফিস যতক্ষণ চলে, ততক্ষণ এসি চলে। তারপর বন্ধ করে দেওয়া হয়। এতে এ পুঁথিগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়। এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রদর্শনী ও সংরক্ষণের দিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

জাদুঘরের পরিচালক আলী রেজা মুহাম্মদ আবদুল মজিদ বলেন, সব প্রত্ননিদর্শন ভান্ডারকক্ষ থেকে বের করে প্রদর্শন করার জন্য একটা মহাপরিকল্পনা দেওয়া হয়েছে। এ জন্য মূল ভবনের বাইরে ফাঁকা জায়গাতে বা মূল ভবনের পেছনে পরিচালকের বাস ভবনের ওপর বহুতল ভবন নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুতই এটি বাস্তবায়ন হবে। তখন সব প্রত্ননিদর্শন প্রদর্শন করা যাবে।

আলী রেজা মুহাম্মদ আবদুল মজিদ আরও বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি মেয়াদকাল আছে। আমাদের এখানকার পুঁথিগুলো নষ্ট হচ্ছে। এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্যানারে স্ক্যানিং করার ব্যবস্থা করা হচ্ছে। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১৯ লাখ টাকার একটা বরাদ্দ পাওয়া গেছে। সে টাকা দিয়ে প্রজেক্টরের মাধ্যমে একটি কক্ষে বড় মনিটরে সব প্রত্ননিদর্শন দেখানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী জুনের মধ্যেই কাজ শেষ হবে।’