
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে না দেওয়ার অভিযোগে চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন তাঁরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটা থেকে সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন এবং সড়কে অগ্নিসংযোগ করেন। এ সময় পোশাক শ্রমিক, চাকরিজীবী ও শিক্ষার্থীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
অটোরিকশাচালক আবু কালাম বলেন, এই রুটে তাঁরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু গত কয়েক দিন ধরে অটোরিকশা চালাতে বাধা দিচ্ছে র্যাব। এর প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেছেন। অপর চালক দেলোয়ার হোসেন বলেন, তাঁদের মহাসড়কে উঠতে দেওয়া হচ্ছে না। কয়েক দিন ধরে আঞ্চলিক সড়কেও গাড়ি চালাতে বাধা দিচ্ছে। এতে তাঁদের আয় কমে গেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে মেইন রোডে অটো চলাচল করতে হলে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। কোনো রকম বিশৃঙ্খলা করে সড়কে যানজটের সৃষ্টি করা যাবে না। র্যাবের সঙ্গে অটোরিকশাচালকদের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
র্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ বলেন, অটোরিকশার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তাঁরা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করায় নানা দুর্ঘটনা ঘটছে। তাঁরা কোনো চালককেই অটো চালানো বন্ধ করতে বলেননি। চালকেরা অবশ্যই অটো চালাবেন। কিন্তু নিয়মশৃঙ্খলার মধ্যে চালাতে হবে। কোনোভাবেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না।