
সিরাজগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী এলাকায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জিসান (১৯) পৌর এলাকা সমাজকল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে। তিনি ছোনগাছা কারিগরি কলেজের ছাত্র। আহত সিফাত হোসেনও (১৮) সমাজকল্যাণ মোড় এলাকার বাসিন্দা।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ছোনগাছায় যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলে জিসান নিহত হন। গুরুতর আহত হন সিফাত। স্থানীয় লোকজন আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দুপুরে বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।