এই আড়ত থেকে পাইকারি দামে সিলেট নগরের খুচরা ব্যবসায়ীরা কলার কিনে নিয়ে
এই আড়ত থেকে পাইকারি দামে সিলেট নগরের খুচরা ব্যবসায়ীরা কলার কিনে নিয়ে

সিলেটের কলার আড়তে ‘মিষ্টি চাঁপার’ কদর বেশি

থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কলার ছড়ি। কাঁচা আর আধা পাকা অবস্থায় থাকা কলাগুলো ট্রাক থেকে নামিয়ে রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে চাঁপা, সাগর, শবরি ও আইটা কলা। আড়তে থাকা কলাগুলোর মধ্যে মিষ্টি চাঁপা কলার পরিমাণ বেশি। কলাগুলো নিয়ে আসা হয়েছে টাঙ্গাইলের মধুপুর, কুষ্টিয়া আর মৌলভীবাজারের জুড়ী থেকে। বিক্রেতারা জানান, সিলেটে মিষ্টি চাঁপা কলার কদর বেশি, তাই সরবরাহও বেশি।

সিলেটের দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশেই ফলের আড়ত। আড়তের এক পাশে কলার বিশাল আড়ত। এখান থেকেই সিলেট নগরের বিভিন্ন এলাকায় কলার ছড়ি পাইকারি দামে কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল আটটার দিকে দেখা গেল কলার আড়তে ট্রাক থেকে কলা নামিয়ে সাজিয়ে রাখছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

আড়তে কলা বিক্রেতা লালান রুদ্রপাল বলেন, আড়তের কলাগুলোর মধ্যে মিষ্টি চাঁপা কলার চাহিদা বেশি। এর বাইরে পাওয়া যায় শবরি, সাগর, আইটা কলাও আসে। এর মধ্যে সাগর কলার চাহিদা সবচেয়ে কম। তিনি বলেন, এখানে ছড়ি হিসেবে কলা বিক্রি হয়। একেকটি ছড়িতে দেড় থেকে আড়াই ফন থাকে। ৮০টি কলায় এ ফন ধরা হয়। ওই হিসেবে ৪৫০ থেকে ৬০০ টাকায় একেকটি ছড়ি বিক্রি হয়।

মো. নাসির উদ্দিন প্রায় দুই বছর ধরে কলার ব্যবসা করছেন। তিনি বলেন, ‘প্রথমে কলার ব্যবসা বুঝতাম না। কলা বেশি দিন রাখা যায় না। আজকে কাঁচা দেখালেও এক দিন যেতেই কলার রং চলে আসে। তাই কলা দিনে এনে দিনেই বিক্রি করে ফেলতে হয়।’

পছন্দের কলা বেছে নিচ্ছেন এক ক্রেতা

আড়তে কলা কিনতে এসেছিলেন নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা রিয়াজ মিয়া। তিনি কলার খুচরা ব্যবসা করেন। রিয়াজ মিয়া বলেন, প্রতিদিন আড়ত থেকে ১০–১২ ছড়ি কলা নিয়ে যায়। আড়ত থেকে ছড়ি হিসেবে কিনে নিয়ে যাওয়ার পর সেগুলো কেটে কান্দা তৈরি করি। পরে হালি দরে তিনি বিক্রি করেন।

রিকাবীবাজারের ফল ব্যবসায়ী সুহেল মিয়া বলেন, সিলেটে কলার খুচরা ব্যবসায়ীরা শুধু চাঁপা কলাই বিক্রি করেন। তবে অন্যান্য ফলের সঙ্গে কলা বিক্রি করলে সাগর কলাও রাখা হয়। কলা বেশি দিন রাখা যায় না বলে সবাই দৈনিক হিসেবে কলা কিনে নিয়ে যান।

আড়তে কলা কিনতে এসেছিলেন কদমতলীর বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘পরিবারের জন্য কলা কিনতে বেড়িয়েছি। পথে আড়তে দেখে কলা দেখছি। কিন্তু আড়ত থেকে ছড়ি ছাড়া কলা কেনা যায় না। বাজারে হালি কিংবা কান্দা হিসেবে কিনতে গেলে বিক্রেতারা দাম বেশি চান। এ জন্য আড়ত থেকেই কিনে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি।’