সিলেটের দুই উপজেলায় মধ্যরাতে ডাকাত–আতঙ্ক, বিভিন্ন এলাকায় মাইকিং

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় মধ্যরাতে হঠাৎ ডাকাত–আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে ওই দুই উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে মাইক্রোবাস ভর্তি ডাকাত দল প্রবেশ করেছে এমন গোয়েন্দা তথ্য ছিল। এর জের ধরে স্থানীয় ব্যক্তিদের সতর্ক করতে গোলাপগঞ্জ উপজেলায় মাইকিংও করা হয়েছে। তবে গতকাল সোমবার দুই উপজেলার কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। এ সময় দুই উপজেলার থানা–পুলিশ বেশ সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে পুলিশের তাড়া খেয়ে গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে ডাকাত দল অবস্থান করছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এ সময় গোলাপগঞ্জের চন্দরপুর, আছিরগঞ্জ, বহরগ্রামসহ আশপাশের গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায় বলে জানা গেছে। অনেকে গ্রামে লোকজন পাহারা বসায়।

এদিকে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ডাকাত দলের বিষয়ে খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ডাকাত দলের উপস্থিতির বিষয়ে আতঙ্কিত হয়ে ফেসবুকে নানা রকম পোস্ট দেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় ও গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, গোয়েন্দা খবরের পরিপ্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তাঁদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় মাইকিং করে পুলিশ সতর্কও করেছে। তবে কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি।

এর আগে ১১ সেপ্টেম্বর রাতে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের একটি বাড়িতে এবং ওসমানীনগর উপজেলার একটি বেসরকারি ব্যাংকের বুথে ডাকাতির ঘটনা ঘটেছিল।