বিএনপির অভিযোগ

সিলেটের বানভাসিদের সহায়তায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি

সিলেটের কানাইঘাট উপজেলার ৪০০ বন্যাদুর্গতের মধ্যে আজ বুধবার বেলা আড়াইটায় ত্রাণ বিতরণ করে জেলা বিএনপি
ছবি : প্রথম আলো

সিলেট জেলার অধিকাংশ এলাকা বন্যাকবলিত হয়ে পড়ায় মানুষ সীমাহীন কষ্টে দিশাহারা হয়ে পড়েছেন। নগর ও প্রতিটি উপজেলা বন্যাকবলিত হলেও সরকার নিশ্চুপ। বানভাসিদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সিলেট জেলা বিএনপির নেতারা আজ বুধবার জেলার কানাইঘাট উপজেলার খেয়াঘাট এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় এ অভিযোগ করেছেন।

বেলা আড়াইটায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রায় ৪০০ মানুষকে ত্রাণ দেওয়া হয়। এ সময় বন্যাদুর্গত মানুষদের শুকনা খাবার, চাল, আলুসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এ সময় বিএনপি নেতারা অবিলম্বে সরকারকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামীকাল জেলার দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপির পক্ষ থেকে বানভাসি মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ, ইশতিয়াক সিদ্দিক, শফিকুর রহমান, শরিফুল হক, মিজানুর রহমান, দিদার লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করে বলেন, সিলেট ভয়াবহ বন্যাকবলিত অবস্থায় রয়েছে। অথচ সরকার নিশ্চুপ। নেই পর্যাপ্ত ত্রাণসহায়তা। মানুষ ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে। মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিদ্যুৎ নেই, রাস্তাঘাট ডুবে আছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বন্যাদুর্গত মানুষ। অমানবিক জীবন যাপন করছে মানুষ। সরকার যে পরিমাণ ত্রাণসামগ্রী দিচ্ছে, তা অপর্যাপ্ত।