সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় অপু পাল (৩০) নামের এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট ভাই পাপ্পু পাল (২৮)। আজ শনিবার ভোরের দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
টিলা ধসে মারা যাওয়া অপু পাল গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের নকুল পালের ছেলে। অপু পাল একটি বেসরকারি সংস্থা (এনজিও) আশার ঋণ কর্মকর্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপু পালের বাড়ির পাশেই একটি টিলা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির ফলে ওই টিলার মাটি আজ ভোরে ধসে অপু পালের পাকা ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন অপু পাল ও পাপ্পু পাল। এ সময় পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দারা এগিয়ে গিয়ে পাপ্পুকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে অপু পালকে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
টিলা ধসে অপু পালের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির বলেন, টিলা ধসে মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশে ২০ হাজার টাকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, উপজেলার টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত করা হয়েছে।