সিলেটে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

লাশ
প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাস্তার পাশ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জের ধরে চৈতননগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সুমেল আহমদ শুকুর (১৬) নামে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নিহত হয়। নিহত স্কুলছাত্র নজির উদ্দিনের ভাই মানিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় মানিক উদ্দিনও গুলিবিদ্ধ হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ সংঘর্ষে জড়িত থাকায় চারজনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে।