
সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আকলিমা বেগম (২০) হত্যা মামলায় তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম সেবুল মিয়া (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাদেপাশা কুলুমছড়ার পাড়ের ফারুক আহমদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। সিলেট জেলা দায়রা জজ আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) এস এম পারভিন বেগম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
মামলা ও আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ সকালে সেবুল মিয়া পিটিয়ে তাঁর স্ত্রী আকলিমাকে হত্যা করেন। ঘটনার দিন সকালে সেবুল তাঁর স্ত্রীকে ধাওয়া করে বাড়ির পাশে একটি স্থানে নিয়ে স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে আকলিমা মারা যান। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত আকলিমার বাবা মো. জয়নুদ্দিন সেবুলকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি ওই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।