সিলেটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

সিলেটে সাদিকুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার বাসিন্দা সৈয়দা রাকা বেগম, আলী হোসেন ও রেজওয়ান আহমদ ওরফে রেদওয়ান। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে খালিকুজ্জামান ওরফে লায়েককে। সৈয়দা রাকা বেগম ও খালিকুজ্জামান পলাতক আছেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমদ চৌধুরী গতকাল রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ অক্টোবর সিলেট নগরের কালীবাড়ি এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন সাদিকুর রহমান ও সৈয়দা রাকা বেগম। পরবর্তী সময়ে সাদিকুর রহমান অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাদিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ২০১৬ সালে তদন্ত কর্মকর্তা চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।