সিলেট বন্ধুসভার উদ্যোগে ৫০ শিশু পেল ঈদের নতুন জামা

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় কেনা রঙিন জামা উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেন। মঙ্গলবার দুপুরে সিলেট নগরের আখালিয়া এলাকার রাইফেলস ক্লাবে
ছবি: আনিস মাহমুদ

অসচ্ছল ও দরিদ্র পরিবারের ৫০ শিশুকে নতুন পোশাক উপহার দিয়েছে প্রথম আলোর পাঠক সংগঠন সিলেট বন্ধুসভা। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় কেনা রঙিন জামা আজ মঙ্গলবার দুপুরে উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেন। পাশাপাশি আরও ২০ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বেলা একটায় নগরের আখালিয়া এলাকার সিলেট রাইফেলস ক্লাবে ‘সহমর্মিতার ঈদ উপহার’ শীর্ষক এক অনুষ্ঠানে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। এ সময় ২০টি পরিবারের সদস্যদের হাতে সেমাই, চিনি, ময়দা ও দুধ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

বিতরণকালে সিলেট বন্ধুসভার সভাপতি হুমাইরা জাকিয়া, সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, সাংগঠনিক সম্পাদক মিহরাব আহমেদ চৌধুরীসহ বন্ধুসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বন্ধুসভার বন্ধুরা জানান, তাঁরা প্রতিবছর অসচ্ছল ও দরিদ্র পরিবারের শিশুদের ঈদের উপহার হিসেবে রঙিন জামা উপহার দেন। পাশাপাশি ঈদের দিন সকালবেলার জন্য সেমাই, চিনি, ময়দা ও দুধও কিছু পরিবারকে দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারও তা দেওয়া হলো।

এর আগে শুক্রবার সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা এবং গত সোমবার এমসি কলেজ বন্ধুসভা সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের ঈদের খাদ্যসামগ্রী ও শিশুদের নতুন জমা উপহার হিসেবে তুলে দেয়।