
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নুর মোস্তফা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নুর মোস্তফার বাড়ি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের আবু পুকুর এলাকায়। তাঁর লাশ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ভাটিয়ারী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুর মোস্তফা নিহত হয়ে মহাসড়কে পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।