
সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হাওরে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাওরের পানিতে তাদের লাশ ভেসে ওঠে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকা ডুবে মারা যাওয়া ওই দুই কিশোরী হলো উপজেলার মির্জাকান্দা গ্রামের মিশু মিয়ার মেয়ে চাদনী বেগম (১৬) ও ইব্রাহিম আলীর মেয়ে সাবিনা বেগম (১৭)।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মির্জাকান্দা গ্রামের ইব্রাহিম মিয়া ও মিশু মিয়ার পরিবারের ১০ জন সদস্য একটি ইঞ্জিনচালিত নৌকায় করে গতকাল কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। বিকেলে তাঁরা একই নৌকার করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভেড়ামোহনা হাওরে আসার পর দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়।
আশপাশের গ্রামে লোকজন এসে অন্যদের উদ্ধার করলেও চাদনী বেগম ও সাবিনা বেগম নিখোঁজ হয়। পরে তাদের রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে হাওরের পানিতে তাদের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।