
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে পানি ধীরে নামায় মানুষের দুর্ভোগ বাড়ছে। অনেক এলাকা এখনো জলাবদ্ধ হয়ে আছে। পানিতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এই পানি গৃহস্থালির কাজে ব্যবহার করায় দেখা দিচ্ছে নানা রোগবালাই। আবার পানি নামার পরও ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হওয়া ও মেঝেতে কাদামাটি জমে থাকায় মানুষ সহজে ঘরে ফিরতে পারছেন না।
বন্যাকবলিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পানি ধীরে নামার কারণেই ভোগান্তি হচ্ছে বেশি। কয়েক দিন থেকে সুনামগঞ্জে রোদ আছে। রোদে পানিতে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব পানিতে চলাফেরায় করায় অনেকে চর্মরোগসহ পানিবাহিত নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন।
সুনামগঞ্জ শহরের হাসনবসত এলাকার বাসিন্দা আবদুস শহীদ বলেন, তাঁর ঘরে এখনো পানি আছে। ঘরের চারপাশে হাওরের ঢেউয়ে জমে আছে কচুরিপানা। এগুলো সরানো যাচ্ছে না। ঘরের পানি দু-এক দিনে মধ্যে নেমে যাবে। কিন্তু মেঝের যা অবস্থা, তাতে তিনি সহজেই ঘরে ফিরতে পারবেন না। তিনি আরও বলেন, আট দিন ধরে পরিবারের লোকজনকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন। আরও অনন্ত এক সপ্তাহ লাগবে বাড়িতে ফিরতে। আগে ঘর সংস্কার করতে হবে, তারপর বাড়িতে উঠতে হবে।
একই এলাকার বাসিন্দা আরব আলী বলেন, ঘরের ভেতর থেকে পানি নামছে। তবে এত দিন পানিতে জিনিসপত্র থাকায় নষ্ট হয়ে গেছে। ঘরের বেড়া এক দিনে ধসে পড়েছে। এগুলো যে ঠিক করবেন, সেই টাকাপয়সাও নেই।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, এখনো পৌরশহরের দক্ষিণ দিকে দেখার হাওরপাড়ের কিছু এলাকার রাস্তাঘাট ও মানুষের বাড়িঘরে পানি আছে। পানি কমছে। লোকজন বাড়ি ফিরছেন। তবে হাওরের ঢেউয়ে দরিদ্র অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়েই মানুষ এখন সমস্যায় আছেন। অনেকেই আসছেন সহযোগিতার জন্য। মেয়র আরও বলেন, এমনিতে বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। কিন্তু এখন অন্য সহায়তা দরকার।
সুনামগঞ্জের বাসিন্দা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি সংস্কারের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ছয় হাজার বান্ডিল ঢেউটিনের বরাদ্দ চেয়েছেন। বরাদ্দ এলে পৌরসভায়ও কিছু পাওয়া যাবে। তখন এসব ক্ষতিগ্রস্ত লোকজনকে সহযোগিতা করা হবে।
বন্যার পানি ধীরে নামার বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল বলেন, সুনামগঞ্জে প্রতিবছর উজানের পাহাড়ি ঢল নামে। এই ঢলের সঙ্গে ব্যাপক পরিমাণে পলি আসে। এতে জেলার প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদ-নদী হাওরের তলদেশে পলি পড়ে নাব্যতা কমে গেছে। কোনো কোনো জায়গা ভরাট হয়ে আছে। যে কারণে পানি নামতে পারছে না।