সুনামগঞ্জে ৮ হাজার লিটার তেল জব্দ, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে তেল বিক্রি ও মজুত করার দায়ে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের কর্মকর্তারা ওই বাজারের কয়েকটি দোকানের গুদামে অভিযান চালিয়ে তেল জব্দ করেন।

পরে এই তেল আগ্রহী ক্রেতাদের মধ্যে নির্ধারিত দামে বিক্রি করা হয়। একই সঙ্গে বেশি দামে তেল বিক্রি ও মজুত করার দায়ে বাজারের ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি যেখানেই মজুতদারির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল বুধবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান হয়েছে। এর ধারাবাহিকতায় আজ জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান চালানো হয়েছে। বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও মজুতদারির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।