লালমনিরহাটের পাটগ্রাম

সেতুর অভাবে দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

শুকনা মৌসুমে লোকজন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষাকালে তাঁদের ভরসা নৌকা।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাঁশকাটা গ্রামে ধরলা নদীতে সেতু না থাকায় নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ
 ছবি: প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাঁশকাটা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। নদীতে সেতু না থাকায় দুই ইউনিয়নের ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। শুকনা মৌসুমে লোকজন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষাকালে ভরসা নৌকা। সঙ্গে মালামাল থাকলে লোকজনকে ১২ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয়।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, জোংড়া ও জগতবেড় ইউনিয়ন দুটি পাশাপাশি। জোংড়া ইউনিয়নের শেষ সীমানায় বাঁশকাটা গ্রামে ধরলা নদীতে একটি নড়বড়ে বাঁশের সাঁকো রয়েছে। লোকজন ওই সাঁকো দিয়ে চলাচল করছেন।

স্থানীয় লোকজন বলেন, ধরলা নদীর উত্তর পাশে মোহাম্মদপুর, মুন্সিরহাট, ককোয়াবাড়ি, রামকান্দ গুরুপাড়া, কুমারপাড়া, ডাঙ্গাপাড়া ইঞ্জিনপাড়া, নন্দেরঘাট, মন্ডলটারী, ধবলঘুড়ি, মোল্লারবাজার ও দক্ষিণ পাশে বাঁশকাটা, দয়ালটারী, মোমিনপুর, সরকারের হাট, কাফির বাজার, শফিরহাটসহ বেশ কিছু গ্রামের মানুষ এ পথ দিয়ে চলাচল করে। জোংড়া ইউনিয়নে প্রাথমিক ও উচ্চবিদ্যালয় রয়েছে। আশপাশের এলাকার ছেলেমেয়েরা ওই সব বিদ্যালয়ে পড়ে। তারা ঝুঁকি নিয়ে চলাচল করে। চলাচলের সুবিধার জন্য শুকনা মৌসুমে এলাকার লোকজন এ ৩০০ মিটারের সাঁকো নির্মাণ করেন। তবে বর্ষায় পানিতে বাঁশের সাঁকো ডুবে গেলে নৌকা দিয়ে চলাচল করেন লোকজন। ফলে ওই দুই পাড়ের শিক্ষার্থীসহ লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হয়।

বাঁশকাটা দয়ালটারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জোসনা আক্তার বলে, এ নদী পার হয়ে প্রতিদিন কয়েক শ ছাত্রছাত্রী স্কুল–কলেজে যাতায়াত করে। শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নৌকা করে নদী পার হতে হয়। স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মমতা খাতুন বলে, বর্ষাকালে অনেক সময় নৌকায় পারাপার হতে গিয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেরি হয়ে যায়।

স্থানীয় লোকজন আরও বলেন, এ পথ দিয়ে মালামাল নিয়ে যাতায়াত করা যায় না। মালামাল থাকলে লোকজনকে ১২ কিলোমিটার ঘুরে অন্য পথ দিয়ে যেতে হয়। কৃষক হামিদুল ইসলাম বলেন, এখানে সেতু না থাকায় তাঁদের মতো কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে। তাঁরা ফসল উপজেলা শহরে সহজে নিয়ে যেতে পারেন না। ফলে দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে।

কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘কত দিন ধরি ইঞ্জিনিয়ার অফিসের লোকজন আইসে আর নদীত খাল খুড়ের আর পরীক্ষার জন্য বালু নেয়। আর খালি পুলদিবার জন্য মাপি যায়। তা আর কত দিন মাপলে এটেকোনা পুল হবে’। উপজেলার জোংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তিনি সেতু নির্মাণের জন্য নানা সভায় বলেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল আলম বলেন, ইতিমধ্যে সেতুটির মাটি পরীক্ষা করা হয়েছে। সেখানে ২৫০ মিটারের সেতু নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সেতুর কাজ শুরু করা হবে।