মাদারীপুর কালকিনি

সেতু পারাপারের জন্য সাঁকো

কালকিনি উপজেলার চরফতেবাহাদুরপুর এলাকার সেতুর দুই পাশ ধসে পড়েছে। ১০ বছরেও এটি সংস্কার করা হয়নি।

সেতুর দুই পাশ ধসে পড়ায় বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে মানুষ। সম্প্রতি কালকিনি উপজেলার চরফতেবাহাদুরপুর এলাকায়
 প্রথম আলো

লোহার পাতের ওপর কংক্রিটের ঢালাই করা ১০০ ফুট দীর্ঘ একটি জরাজীর্ণ সেতু। লোহার খুঁটিতে মরিচা পড়ায় এক দশক আগেই সেতুর দুই পাশ ধসে পড়েছে। দুই পারের মানুষ সেতুর ওপর সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এ দুরবস্থা মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতেবাহাদুরপুর এলাকার একটি সেতুর। সেতুটি মেরামত না করায় কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের দুই গ্রামের অন্তত তিন হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বাঁশের সাঁকো ব্যবহার করে ১০ বছরের বেশি সময় ধরে সেতু পারাপার হচ্ছে মানুষ। সেতুর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় ঘটা দুর্ঘটনার সংখ্যাও কম নয়। প্রতি মাসে অন্তত তিনজন এই সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

কালকিনি উপজেলার ও এলাকাবাসী সূত্র জানায়, ২০ বছর আগে শিকারমঙ্গল ইউনিয়নের সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের সুবিধার জন্য চরফতেবাহাদুরপুর এলাকায় চোকদার খালের ওপর ১০০ ফুট দীর্ঘ একটি লোহার সেতু নির্মাণ করা হয়। সেতুটি কয়েক বছর মানুষের উপকারে এলেও নির্মাণের ছয় বছরের মধ্যে সেতুর ওপরের স্ল্যাব ভাঙতে শুরু করে। একপর্যায়ে সেতুটির লোহার পাতে মরিচা ধরে গেলে সেতুর খুঁটি ভেঙে সেটি খালে ধসে পড়ে। এর পর থেকে সেতুটি আর সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধসে পড়া সেতুটির কিছু লোহার বিম ও একটি ইট–সিমেন্টের তৈরি পিলার অবশিষ্ট আছে। সেগুলোর সঙ্গে বাঁশ বেঁধে সাঁকো তৈরি করা হয়েছে। স্থানীয় মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে। সেতুটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হওয়ায় এই এলাকার কৃষকেরা তাঁদের কৃষিপণ্য পরিবহনে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় লোকজন জানান, শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ ও উপজেলার শহরের সঙ্গে চরফতেবাহাদুরপুর এলাকার মানুষের যোগাযোগের জন্য ওই সেতু ছিল খুব গুরুত্বপূর্ণ। চরফতেবাহাদুরপুর ও শিকারমঙ্গল এলাকার অন্তত তিন হাজার মানুষ তাদের চলাচলের সুবিধার্থে ধসে পড়া সেতুর খুঁটির সঙ্গে বাঁশ বেঁধে সাঁকো তৈরি করেছেন।

স্থানীয় ষাটোর্ধ্ব কৃষক আবদুল রহমান প্রথম আলোকে বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় ১০ বছর ধরে আমাগো কষ্ট সহ্য করতে হইতাছে। আগে এই সেতুর ওপর দিয়া গরু–ছাগল হাটে নিতাম। এখন সেই সুযোগ আর নাই। আমাগো যাতায়াতের জন্য সরকার আর আশ্বাস না দিয়ে দ্রুত সময়ের মধ্যে এখানে নতুন করে সেতু বানাইয়া দিক।’

শিকারমঙ্গল এলাকার স্কুলছাত্রী সোনিয়া আক্তার বলেছে, ‘স্কুলে যাইতে এই সাঁকো পার হইতে হয়। মাঝেমধ্যে সাঁকো পার হইতে ভয়ও লাগে। পা একটু এদিক–সেদিক হইয়া গেলে মনে হয় খালে পড়ে যাব।’

চরফতেবাহদুরপুর এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘১০ বছরের বেশি সময় ধরে সেতুটি এভাবে পড়ে আছে। সেতুটি নতুন করে নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, এমপি কারও কোনো মাথাব্যথা নেই। আমরা অনেকবারই নতুন সেতুর জন্য আবেদন করেছি। আশ্বাস ছাড়া আর কিছুই পাই নাই।’

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপংকর তঞ্চ্যাঙ্গা বলেন, ‘জরাজীর্ণ সেতুর বিষয়টি আমাদের নজরে ছিল না। যত দ্রুত সম্ভব ওই এলাকায় উপজেলা প্রকৌশলীকে পাঠাব।’