
স্থানীয় লোকজন একটি অজগর মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণভিত্তিক সংগঠনের সদস্যরা। ঘটনাস্থলে তখন একটি নালার ভেতর দিয়ে যাওয়া আজগরকে মারতে লাঠিসোঁটা হাতে জড়ো হচ্ছিলেন স্থানীয় লোকজন।
গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছুবপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ও স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার অ্যানডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফের (এসইডব্লিউ) সদস্যরা।
গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে ইছুবপুর থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। অজগরটি সুস্থ থাকায় আজ শনিবার সকালে এটিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। অজগরটি লম্বায় ৯ থেকে ১০ ফুট, ওজন প্রায় ১৫ কেজি।
এসইডব্লিউ–এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সোহেল শ্যাম বলেন, তাঁর কাছে আসা ফোনকলের অপর প্রান্তের ব্যক্তি জানান, যদি দ্রুত অজগরটি উদ্ধার করা না হয়, তাহলে লোকজন এটিকে মেরে ফেলবে। পরে তিনি (সোহেল) বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে বিষয়টি জানান। এরপর রেজাউল করিম অজগরটি উদ্ধার করতে লোক পাঠান। সঙ্গে যোগ দেন এসইডব্লিউর সদস্যরা।
সোহেল শ্যাম বলেন, সম্ভবত নালা ধরে সাপটি কোথাও যাচ্ছিল। এরপর তাঁরা স্থানীয় লোকদেরকে বোঝানোর চেষ্টা করেন অজগরটি কিছু করবে না, চলে যাবে। কিন্তু তাঁরা কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না। স্থানীয় লোকদের শঙ্কা ছিল অজগরটি কারও বাড়িতে ঢুকে পড়তে পারে। এরপরই অজগরটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, রাতে অজগরটি এনে রেঞ্জ অফিসে রাখা হয়েছিল। আজ সকালে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।