স্বামীকে গাছের সঙ্গে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রী

লক্ষ্মীপুর জেলার মানচিত্র
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বৃদ্ধ মিলন হোসেনকে (৬০) গাছের সঙ্গে বেঁধে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছেন তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০)। তিনি জানান, দীর্ঘ সংসারজীবনে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়েছে এ কাজ করেছেন। গতকাল রোববার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ইউসুফের আদালতে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহানারা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন। আদালতে দেওয়া জবানবন্দির বর্ণনা দিয়ে তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে গোয়ালঘরের পাশে নিয়ে প্রথমে স্বামী মিলন হোসেনের দুই হাত গাছের সঙ্গে বাঁধেন জাহানারা। এ সময় মিলন স্বাভাবিক ছিলেন। স্বামীর ধারণা ছিল, স্ত্রী তাঁর সঙ্গে দুষ্টামি করছেন। এ জন্য তিনি কোনো আপত্তি করেননি। একপর্যায়ে তাঁর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করেন স্ত্রী। এ সময় মিলন হোসেন দুবার চিৎকার দেন। পরে তিনি নিস্তেজ হয়ে পড়লে ঘরে ফিরে যান জাহানারা।

পুলিশ কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, জাহানারা বেগমের দাবি, স্বামী মিলন হোসেন কারণে-অকারণে অকথ্য ভাষায় গালাগালসহ নানাভাবে নির্যাতন করতেন তাঁকে। ৩০ বছর ধরে স্বামীকে নিয়ে তিনি যন্ত্রণায় ভুগছেন। মিললের মানসিক সমস্যাও ছিল। নির্যাতন সইতে না পেরে তিনি স্বামীকে হত্যা করেন। কীভাবে তাঁকে হত্যা করা হবে, সে বিষয় দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন জাহানারা। সে অনুযায়ী মিলনকে তিনি একাই হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত নয় বলেও জবানবন্দিতে দাবি করেন তিনি।

গত শনিবার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকা থেকে মিলন হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিলন ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে। পর দিন গতকাল রোববার নিহত ব্যক্তির ছোট ছেলে সাফায়েত হোসেন মাহবুব বাদী হয়ে মামলা করেন।

লাশ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য জাহানারাসহ পরিবারের চার সদস্যকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জাহানারা হত্যার দায় স্বীকার করেন। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।