
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়কের পাশে খাদে পড়ে ছিল এক ব্যক্তির লাশ। পাশেই পড়ে ছিল তাঁর সাইকেল। আজ সোমবার সকালে উপজেলার ফলিমারি এলাকায় ভোলাহাট-শিবগঞ্জ সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. বাবলু (৪০)। তিনি ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি চার সন্তানের বাবা। তাঁর স্ত্রী হোটেলের শ্রমিক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবলুর দুই কিডনি নষ্ট ছিল। তিনি একটি ইটভাটায় কাজ করতেন। কাজ শেষে সন্ধ্যার সময় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়কের পাশে খাদে পড়ে তিনি মারা যান। লাশের পাশেই পড়ে ছিল তাঁর সাইকেলটি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।