যশোরের অভয়নগর

সড়ক নির্মাণকাজে ধীরগতি

অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব পাঠানো হবে। এটি অনুমোদনের অজুহাতে ধীরগতিতে চলছে উন্নয়নকাজ।

বেহাল হয়ে পড়েছে সড়ক। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে। সম্প্রতি অভয়নগর উপজেলার শিবনগর এলাকায়
ছবি: প্রথম আলো

প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ২১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। সড়কের প্রস্থ ১২ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট করা হচ্ছে। সড়কটির প্রাক্কলন সংশোধন করে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হবে। আর এই প্রস্তাব অনুমোদনের অজুহাতে অত্যন্ত ধীরগতিতে চলছে সড়কটির উন্নয়নকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক লাখ মানুষ।

সড়কটি হলো যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট বাদামতলা-আমতলা ভায়া মরিচা নাউলী বাজার সড়ক। সড়কটির অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত উন্নয়নের কাজ চলছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লি সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় সড়কটির উন্নয়নকাজ করা হচ্ছে।

অভয়নগর এলজিইডি সূত্র জানায়, ভাঙ্গাগেট বাদামতলা-আমতলা ভায়া মরিচা নাউলী বাজার সড়কের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার ৯৩৪ মিটার উন্নয়নের কাজ চলছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজটি করছে। গত বছরের (২০২১) ১১ এপ্রিল থেকে সড়কটির কাজ শুরু হয়। চলতি বছরের ১০ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা। সড়কটির প্রস্থ ১২ ফুট। দুই পাশে তিন ফুট করে ছয় ফুট বাড়িয়ে সড়কটি ১৮ ফুট করা হচ্ছে। এ পর্যন্ত ৩৫ শতাংশ কাজ হয়েছে। ঠিকাদারকে ৫ কোটি ২০ টাকার বিল দেওয়া হয়েছে।

সড়কটির প্রাক্কলন চার বছর আগের। এ সময়ের মধ্যে সড়কটির অবস্থা অনেক খারাপ হয়েছে। এ জন্য গত বছরের ডিসেম্বর মাসে প্রাক্কলন সংশোধন করে অতিরিক্ত প্রায় দুই কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অধিদপ্তরে পাঠানো হয়। কিন্তু সে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। সম্প্রতি সড়ক পরিদর্শন করা হয়েছে। বর্তমান অবস্থার নিরিখে আরেকটি প্রস্তাব তৈরির কাজ চলছে। সংশোধিত প্রাক্কলন প্রস্তাব তৈরির পর অনুমোদনের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

ঠিকাদারের প্রতিনিধি সুমন খান বলেন, ‘সড়কটির ৫০ শতাংশ কাজ হয়েছে। যে কাজ বাকি আছে, তাতে এক থেকে দেড় মাস সময় লাগবে। সড়কের মধ্যে বড় বড় গর্ত হয়েছে। প্যালাসাইডিং ছাড়া সড়ক টিকবে না। প্যালাসাইডিং লাগবে দেড় কিলোমিটার। কিন্তু শিডিউলে প্যালাসাইডিং ধরা আছে ৬০০ মিটার। অতিরিক্ত প্যালাসাইডিং এবং গর্ত ভরাটের টাকা শিডিউলে ধরা নেই। এলজিইডি প্রাক্কলন সংশোধন করে অতিরিক্ত টাকা বরাদ্দের প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব পাস না হওয়া পর্যন্ত সড়কের কাজ করতে পারছি না।’

উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, ‘ধীরগতিতে ঠিকাদার কাজ করছেন। এতে মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সড়কটি পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দের জন্য রিভাইস (সংশোধিত প্রাক্কলন) তৈরির কাজ চলছে। তবে অতিরিক্ত বরাদ্দের অজুহাতে সড়কের কাজ ধীরগতিতে করার সুযোগ নেই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সড়কের গর্তে বৃষ্টির পানি

সরেজমিনে দেখা যায়, শংকরপাশা ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত সড়কের দুই পাশে তিন ফুট করে ছয় ফুট সম্প্রসারণ করা হয়েছে। ওই অংশে মাটি খুঁড়ে সড়কের আগের পিচের টুকরো ও বালু দিয়ে ভরাট করা হয়েছে। আমতলা বাজার থেকে হিদিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়কের আগের পিচ উঠিয়ে তার সঙ্গে বালু এবং ইটের খোয়া মিশিয়ে সমান করে রাখা হয়েছে। হিদিয়া মাদ্রাসা থেকে শংকরপাশা ফেরিঘাটের মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের কোনো কাজ করা হয়নি। সড়কের এই অংশে ভাঙাচোরা, খানাখন্দে ভরা। মাঝেমধ্যে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে যানবাহন ও লোকজন চলাচলের অনুপযোগী হয়ে আছে। প্রায় এক বছর ধরে নওয়াপাড়া খেয়াঘাট-নড়াইলের মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে।

শিবনগর গ্রামের পাটকল শ্রমিক সত্যেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘ঠিকাদার রাস্তার কাজ না করে ফেলে রেখেছে। আগে একটু কষ্ট করে রাস্তা দিয়ে চলাচল করা যেত। এখন তাও যায় না। খুব দুর্ভোগে আছি।’

এলজিইডির যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, খুব দ্রুত সড়কের ভেঙে যাওয়া অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করে দিকে ঠিকাদারকে বলা হয়েছে। সড়কটির রিভাইস করে পাঠানো হচ্ছে।