শামসুদ্দিন ছাত্রাবাস থেকে শুরু করে উত্তর দিকে হায়দার হোসেন ছাত্রাবাস পর্যন্ত পুরো সড়কে সারি করে মাইক্রোবাস রাখা।

রাজশাহী শহরের নিউ গভ. ডিগ্রি কলেজের পশ্চিম পাশের সড়কটি বর্তমানে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ এ সড়ক দিয়ে ডিগ্রি কলেজের তিনটি ছাত্রাবাসের শিক্ষার্থীরা যাতায়াত করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লোকজনও এ সড়ক ব্যবহার করেন। সড়কের দুই পাশে গাড়ি রাখায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সড়কটি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের পশ্চিম পাশ দিয়ে কাজীহাটা এলাকায় নগরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সড়কটির নাম কফিল উদ্দিন রোড। তবে এর নামে সড়কটি কেউ চেনে না। এর দৈর্ঘ্য ৩৯৩ মিটার। ছয় মাস আগে রাজশাহী সিটি করপোরেশন ৪৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় করে সড়কটি চওড়া ও সংস্কার করেছে। এই সড়কের পশ্চিম পাশে রয়েছে নিউ গভ. ডিগ্রি কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস, পূর্ব পাশে রাস্তার মাঝামাঝি জায়গায় রয়েছে ছাত্রীনিবাস এবং উত্তর দিকে সড়কটির শেষ মাথায় রয়েছে কলেজের হায়দার হোসেন ছাত্রাবাস।
গতকাল বুধবার দুপুরে এই সড়কে গিয়ে দেখা যায়, কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস থেকে শুরু করে উত্তর দিকে হায়দার হোসেন ছাত্রাবাস পর্যন্ত পুরো সড়কে সারি করে মাইক্রোবাস রাখা। শামসুদ্দিন ছাত্রাবাসের সামনে কয়েকটি মাইক্রোবাস ধোয়ামোছা করতে দেখা যায়। ছাত্রীনিবাসের সামনে থেকে উত্তর পাশের মেডিকেল কলেজ রোড পর্যন্ত সারিবদ্ধভাবে মোটরসাইকেল রাখা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, সড়কের পাশে আগে পুকুর ছিল। সেই পুকুরের পানি দিয়ে গাড়ি ধোয়ামোছার কাজ করা হতো। সম্প্রতি পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে। তারপরও বাইরে থেকে পানি এনে এই সড়কের গাড়ি ধোয়ামোছার কাজ চলছে। সড়কটি সংস্কারের পর নতুন করে আরেকটি যন্ত্রণা যোগ হয়েছে। এখন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও মোটরসাইকেল সারিবদ্ধভাবে এই সড়কের পাশ দিয়ে রাখা শুরু করেছেন।
মাইক্রোচালক সাইফুল ইসলাম বলেন, সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িগুলো রাস্তার পাশে থাকে। রাজশাহী শহরে এক কাঠা মাটির দাম ৫০ থেকে ৮০ লাখ টাকা। গ্যারেজ করার জন্য জমি তাঁদের কে দেবে? এখন যদি পত্রিকায় এ নিয়ে লেখালেখি হয়, তাহলে তাঁদের সমস্যা হয়ে যাবে।
ছাত্রাবাসে থাকা দুজন ছাত্র বলেন, ছাত্রাবাসের শিক্ষার্থীদের এই সড়ক দিয়েই বের হতে হয়। কিন্তু সড়কটি সারা দিনই বেদখল হয়ে থাকে। তাঁরা ঠিকমতো চলাফেরা করার সুযোগ পান না। ছাত্রীরা আরও বেশি ভোগান্তি পোহান।
ছাত্রীনিবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, মাইক্রোবাসের চালকেরা সড়কের ওপর গাড়ি ধোয়ামোছার কাজ করেন। তাঁদের চলার পথে সারাক্ষণ লোকজন বসে থাকার কারণে তাঁরা বাইরে বিব্রতবোধ করেন। কলেজ কর্তৃপক্ষ তাঁদের এই সমস্যার কারণে সম্প্রতি কলেজের প্রাচীর কেটে ভেতর দিয়ে তাঁদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ক্লাসে যাওয়া ছাড়াও তাঁদের বাইরে বিভিন্ন কাজে যেতে হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ২০ জানুয়ারি এই দুর্ভোগ থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন। এই আবেদনের কপি তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষার মহাপরিচালক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিবকে দিয়েছেন।
এই আবেদনে বলা হয়েছে, কলেজের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ও রাস্তা ব্যবহার করে কিছু লোক দোকান, মোটরগাড়ির গ্যারেজ ও বস্তি গড়ে তুলেছে। অহরহ বস্তির লোকজন সীমানাপ্রাচীর টপকে কলেজে প্রবেশ করে। রাস্তার দুই পাশে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পার্ক করায় শিক্ষার্থীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে কলেজের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও বাহ্যিক সৌন্দর্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম বলেন, তাঁরা সব সময় চান সড়কগুলো মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকুক।