
বছরের পর বছর গাছের ডালে ডালে ঘুরে বেড়াত অভুক্ত হনুমানগুলো। ক্ষুধার তাড়নায় কখনো কখনো কৃষকের খেতে হানা দিত। রোগা–পটকা শরীর নিয়ে সারাক্ষণ হুল্লোড় করে বেড়াত কালোমুখো হনুমানগুলো। খাবার নিয়ে প্রাণীগুলোর কাড়াকাড়ি, মারামারি দেখে মায়া হয় নাজমুল হাসানের (২৬)।
বাজার থেকে রুটি–কলা কিনে এনে খেতে দিলেন। তৃপ্তি নিয়ে ওদের খাওয়া দেখে পরপর কয়েক দিন একই কাজ করলেন নাজমুল। এরপর থেকে তাঁকে দেখলেই প্রাণীগুলো ছুটে আসত। নিরাশ করতেন না নাজমুল। এভাবে টানা দুই বছর হনুমানগুলোকে নিজের সাধ্যমতো খাওয়ালেন নাজমুল।
নাজমুল বলছেন, বন বিভাগ যে খাবার বরাদ্দ দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। দুই শতাধিক হনুমান থাকলেও প্রতিদিন এক শ হনুমানের খাবার দিতে পারেন। দিনে ৫০ কেজি কলা, ৫ কেজি রুটি, ৫ কেজি বাদাম হলে ভালো হতো। হনুমানগুলোর ক্ষুধা কিছুটা মিটত।
এবার তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বন বিভাগ। হনুমানদের জন্য প্রতিদিন ১৫ কেজি কলা, ২ কেজি রুটি আর ২ কেজি বাদাম বরাদ্দ দিয়েছে। নাজমুলই তাদের খেতে দেয়। নাজমুল হাতে খাবার নিয়ে এমাঠ–ওমাঠ ছুটে বেড়ান। হনুমানদের খাবার খাইয়ে তবেই বাড়ি ফেরেন।
ভারতের সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বাস করছে দুই শ কালোমুখো হনুমান। স্থানীয়দের ভাষায় এগুলো তাঁদের অতিথি। এদের সঙ্গে মিলেমিশে আছেন তাঁরা। হনুমানগুলোর দেখভাল করেন গ্রামেরই তরুণ নাজমুল। প্রাণীগুলোকে দেখতে দূরদূরান্ত থেকে আসে লোকজন। এদের রক্ষায় এলাকাটিকে অভয়ারণ্য করার দাবি এলাকাবাসীর।
এ নিয়ে কথা হয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রাণীগুলোর ওপর যেন কোনো অত্যাচার না হয়, সেটি তাঁরা সব সময় খেয়াল রাখেন। এলাকাটিকে হনুমানদের জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণার দাবি জানান তিনি।
সম্প্রতি ভবনগর গ্রামে গিয়ে দেখা যায়, গাছের ডালে ডালে হনুমানের বিচরণ। এডাল–ওডালে লম্ফঝম্প করে বেড়াচ্ছে প্রাণীগুলো। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামে অনেক বছর ধরে বাস করছে কালোমুখো হনুমানগুলো। দিনের বেলায় পাশের শ্যামকুড়, শ্রীনাথপুর ও মাঠপাড়া এলাকায় চলে যায়। রাতে আবার ফিরে আসে। গাছে গাছে রাত কাটায় তারা।
ভবনগর গ্রামের আবদুর রশিদ (৬০) জানান, ৭০ থেকে ৮০ বছর ধরে হনুমানগুলো তাঁদের গ্রামে রয়েছে। তাঁদের ধারণা, হনুমানের কোনো একটি দল ভারত থেকে এই গ্রামে চলে আসে। পরে তারা এখানে আবাস গড়ে।
ওই বছরের অক্টোবর থেকে ১৫ কেজি কলা, ২ কেজি রুটি, ২ কেজি বাদাম দেওয়া হচ্ছে। এগুলো নাজমুলের মাধ্যমেই হনুমানদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
পরিবারের কৃষিকাজ দেখভাল করেন নাজমুল। লেখালেখি করতেও ভালোবাসেন। নাজমুল বললেন, হনুমানগুলো ঠিকমতো খাবার পেত না। ছিল রুগ্ণ, দুর্বল। ক্ষুধার তাড়নায়, খাবারের সন্ধানে কৃষকের খেত ও মানুষের ঘরবাড়িতে হানা দিত। এসব দেখে ২০১৯ সাল থেকে তিনি নিজ উদ্যোগে তাদের মুখে কিছু কিছু খাবার তুলে দিতেন। পরে তিনি স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে বন বিভাগ সপ্তাহে তিন দিন কিছু খাবার দিতে শুরু করে। বন বিভাগের দেওয়া খাবারের পাশাপাশি তিনি নিজেও খাবার দিতেন। একটা সময় হনুমানগুলো তাঁর ভক্ত হয়ে পড়ে। তাঁকে দেখলেই ছুটে আসতে থাকে।
ওই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী ভবনগর গ্রামে এসেছিলেন। তিনি হনুমানগুলোর খাবারের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন। ওই বছরের অক্টোবর থেকে ১৫ কেজি কলা, ২ কেজি রুটি, ২ কেজি বাদাম দেওয়া হচ্ছে। এগুলো নাজমুলের মাধ্যমেই হনুমানদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বন বিভাগের কর্মীরা নাজমুলের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেন। কোনো কোনো দিন নাজমুল নিজেই মোটরসাইকেলে করে ২০ কিলোমিটার দূরে মহেশপুর থেকে খাবার নিয়ে আসেন।
নাজমুল বলছেন, বন বিভাগ যে খাবার বরাদ্দ দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। দুই শতাধিক হনুমান থাকলেও প্রতিদিন এক শ হনুমানের খাবার দিতে পারেন। দিনে ৫০ কেজি কলা, ৫ কেজি রুটি, ৫ কেজি বাদাম হলে ভালো হতো। হনুমানগুলোর ক্ষুধা কিছুটা মিটত।
মহেশপুর উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভবনগর গ্রামের হনুমানগুলোকে সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে। খাবারের পরিমাণ যাতে বাড়ানো যায়, সে বিষয়ে তাঁরা চেষ্টা করছেন। এলাকাটি হনুমানদের অভয়াশ্রম হতে পারে। এতে এ এলাকার পর্যটনেরও বিকাশ ঘটবে বলে মনে করেন তিনি।