
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এখন যে ডিম পাওয়া যাচ্ছে, তা হলো নমুনা ডিম। এমন অবস্থায় বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হলেই শুরু হবে পুরোদমে ডিম ছাড়া। অন্তত ১০ থেকে ১৫টি স্থানে কার্পজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ) নমুনা ডিম পাওয়া যাচ্ছে।
ডিম সংগ্রহকারীরা বলছেন, জোয়ারের সময় গতকাল শনিবার রাত সাড়ে ১১টা, ভাটার সময় শেষ রাত তিনটার দিকে এবং আজ রোববার দুপুরে নদীর বেশ কিছু এলাকায় নমুনা ডিম পাওয়া গেছে। শতাধিক ডিম সংগ্রহকারী ২৫০ গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত করে নমুনা ডিম পেয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি, হাটহাজারী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মৎস্য কর্মকর্তারাও।
তাঁরা বলছেন, নদীর দুই পাড়ে পুরোদমে ডিম ধরা উৎসবের অপেক্ষায় আছেন ৫০০টির বেশি নৌকায় ৭০০ থেকে ৮০০ ডিম সংগ্রহকারী। তাঁদের সহযোগিতা দিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নদীতে প্রয়োজনীয় কাজ করে যাচ্ছেন দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গত শনিবার রাত ১২টার দিকে নমুনা ডিম ছাড়ার খবর পেয়ে তিনি নদীপাড়ের উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা হ্যাচারি এলাকায় গিয়ে সংগ্রহ করা ডিম হাতে নিয়েও দেখেছেন। এই হ্যাচারির সাত থেকে আটটি নৌকার অন্তত ১০ থেকে ১২ জন ডিম সংগ্রহকারী ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম করে নমুনা ডিম সংগ্রহ করেছেন।
জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, হালদা নদী গবেষক ও ডিম সংগ্রহকারী দুই উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এপ্রিল থেকে জুন মাস হালদায় কার্পজাতীয় মা মাছেরা ডিম ছাড়ে, যা এ দেশের অন্যান্য নদীতে হয় না। এ কারণে এ নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্যকেন্দ্র হিসেবে খ্যাত। নদীর পাশাপাশি রেণু পোনা ফোটানো হ্যাচারিও সিসি ক্যামেরার আওতায় এনে ডিম সংগ্রহ ও রেণু উৎপাদন কার্যক্রম তদারকি করা হচ্ছে।
নদী এলাকা ঘুরে জানা গেছে, এ মাসের শুরু থেকে মাছের ডিম ছাড়ার পূর্ণ মৌসুম শুরু হওয়ায় নদীতে অপেক্ষায় আছেন ডিম সংগ্রহকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন নদীতে প্রচুর মা মাছের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। অপেক্ষা কেবল বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের। তাহলেই মা মাছ পুরোদমে ডিম ছাড়া শুরু করবে। মাছের ডিম ফোটানোর জন্য দুই উপজেলার চারটি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়া প্রস্তুত রেখেছেন প্রশাসন ও সংগ্রহকারীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যানুসারে, হালদায় গতবার মাছের নিষিক্ত ডিম সংগ্রহের পরিমাণ ছিল ৮ হাজার ৫০০ কেজি। রেণু পোনা হয়েছিল ১০৫ কেজি। গতবার প্রজননের সময় ঘূর্ণিঝড় হওয়া এবং নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ডিম কম ছেড়েছিল মা মাছ। এ ছাড়া সংগ্রহ করা ডিম বেশির ভাগ নষ্ট হয়ে গিয়েছিল। গতবার নদীতে ডিম সংগ্রহকারীর সংখ্যা ছিল সাড়ে ৩০০ নৌকায় ৫৫০। তবে এবার এ সংখ্যা বেড়েছে বলে দাবি সংগ্রহকারীদের। এর আগে ২০২০ সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ২৫ হাজার কেজি, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
রোববার সকাল থেকে হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট থেকে গড়দোয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকার ১৫ কিলোমিটার এলাকা সরেজমিনে দেখা গেছে, দুই শ থেকে আড়াই শ নৌকায় তিন শতাধিক ডিম সংগ্রহকারী নদীতে জাল পেতে রেখেছেন। কথা হয় ডিম সংগ্রহকারী মুহাম্মদ শফি, কামাল সওদাগর ও মুহাম্মদ রোশাঙ্গীর আলমের সঙ্গে। তাঁরা প্রথম আলোকে বলেন, হাটহাজারীর রামদাস মুন্সিরহাট, মাছুয়াঘোনা, নাপিতের ঘাট, আমতুয়া, নয়াহাট, রাউজানের আজিমের ঘাট, খলিফারঘোনা এলাকাসহ অন্তত ১০ থেকে ১৫টি স্থানে ২০০ থেকে ৩০০ গ্রাম করে ডিম পাওয়া গেছে। এগুলো নমুনা ডিম। একের পর এক জোয়ার আর ভাটার সময় নমুনা ডিম ছাড়া অব্যাহত আছে।
সংগ্রহারী মুহাম্মদ শফি বলেন, কয়েকটি নৌকায় গত রাতে এবং আজ ভোরে আধা কেজি ডিম হ্যাচারিতে আনতে পারছেন তিনি। প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, একাধিক স্থানে নদীতে নমুনা ডিম পাওয়া যাচ্ছে। হ্যাচারিতে এসব ডিম কেউ কেউ নিয়ে সংগ্রহ করছেন। প্রশাসন হ্যাচারিতে সিসি ক্যামেরা দিয়ে ডিম সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করছে, যা সংগ্রহ কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, শনিবার রাতের জোয়ারের পর থেকে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। রোববার ভোররাতে ভাটায়ও নমুনা দিয়েছে। এটা অব্যাহত থাকবে। নদীপাড়ে পর্যবেক্ষণ করছেন তাঁরা। বৃষ্টি পাহাড়ি ঢলের পরিবেশ হলে পুরোদমে ডিম দেবে মা মাছ। নদীর পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বিগত সময়ের চেয়ে নদীর সার্বিক পরিবেশ ভালো আছে।