হেরোইন বহনের দায়ে নাটোরে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

কারাগার
প্রতীকী ছবি

নাটোরে দেড় কেজি হেরোইন বহনের একটি মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি গ্রামের বেলাল হোসেন (৪৭) ও পবা উপজেলার দাদপুর গ্রামের আবদুল মান্নান (৪২)। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে রায়ের সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টার দিকে নাটোর সদর থানার উপপরিদর্শক পরিতোষ চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী থেকে বিপুল পরিমাণ হেরোইন নাটোর হয়ে জামালপুরে যাচ্ছে। এ সময় পুলিশ তাৎক্ষণিক শহরের হরিশপুর বাইপাসে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর দিক থেকে সাদা রঙের একটি মাইক্রোবাস সেখানে এলে পুলিশ মাইক্রোবাসটি থামাতে ইশারা দেয়।

তবে মাইক্রোবাসটি দ্রুত চলে যেতে চাইলে পুলিশ সেটিকে ধাওয়া করে। এরপর পুলিশ লাইনস স্টেশনের সামনে মাইক্রোবাসটিকে আটক করা হয়। মাইক্রোবাসের দুই আরোহীকে আটকের পর তল্লাশি করে ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মামলার পর সদর থানার পরিদর্শক আবু সিদ্দিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এলে সাক্ষ্য-প্রমাণে আসামিরা দোষী সাব্যস্ত হন।