১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৯

১০ হাজার সিলিন্ডার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায়
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী বেড়িবাঁধের ধারে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব। সেই সঙ্গে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার কেটে স্ক্র্যাপ লোহা হিসেবে বেশি দামে বিক্রির অভিযোগে করা মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তুলাতলী বেড়িবাঁধের ধারে অবৈধ গ্যাস সিলিন্ডার কাটার কারখানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

এম এ ইউসুফ বলেন, প্রতিটি কোম্পানি ২ হাজার ৮০০ টাকা দিয়ে ক্রয় করে ভর্তুকি মূল্যে গ্রাহকের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করে। একেকটি সিলিন্ডার ১০ বছর ব্যবহার করা যায়। এই সময়ের মধ্যে রিফিলের মাধ্যমে ভর্তুকির টাকাটা তুলে নেয় কোম্পানিগুলো। কিন্তু দেশে স্ক্র্যাপ লোহার দাম বেড়ে যাওয়ায় অসাধু কিছু লোক গ্যাস সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই বাজার থেকে ৩০০ থেকে ৬০০ টাকা দামে কিনে তা কেটে স্ক্র্যাপ লোহা হিসেবে ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করেন। এতে বাজার থেকে সিলিন্ডার দিন দিন কমে যাচ্ছে। বেশি দাম দিয়ে কোম্পানিগুলোকে নতুন সিলিন্ডার কিনতে হচ্ছে। বাড়তি ব্যয় গ্রাহকদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে।

র‌্যাব জানায়, সিলিন্ডারগুলোর ভেতরে অবশিষ্ট কিছু গ্যাস থেকে যায়। সিলিন্ডার কাটার সময় যেকোনো মুহূর্তে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটতে পারে। সম্প্রতি সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন চারটি স্থানে অভিযান চালিয়ে ১০ হাজার সিলিন্ডার জব্দ করা হয়েছে। এসব সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে অবৈধভাবে কাটার জন্য আনা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা র‌্যাবকে জানিয়েছেন, সিলিন্ডারগুলো মূলত কাটা হয় রাতের দিকে। যখন কাটা শুরু হয়, তখন সিলিন্ডারের ভেতরে জমে থাকা গ্যাস বের হতে থাকে। এতে এলাকায় গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ ছাড়া সিলিন্ডার কাটার সময় বিকট শব্দ হয় বলে তাঁরা রাতে ঘুমাতে পারেন না।

এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। একটি পরিবেশ আইন, অন্যটি বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে কোম্পানিগুলোর পক্ষ থেকে। অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন কুসুম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মহাসিন নামের একজন আছেন। ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ড নামে তাঁর একটি জাহাজ ভাঙার কারখানা আছে। তাঁদের পারিবারিক এক গুদামে সিলিন্ডার পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনস্থলে কথা হয় ইউরো গ্যাসের বিভাগীয় ব্যবস্থাপক মোরশেদ মারুফের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমছে। এতে কোম্পানির নতুন নতুন সিলিন্ডার আমদানি করতে হচ্ছে। দুষ্কৃতিকারীরা এভাবে সিলিন্ডারগুলোকে স্ক্র্যাপ লোহা বানিয়ে বিক্রি করায় দেশের সম্পদ নষ্ট হচ্ছে।