১৩ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার আদমদীঘির ভোলা মিয়া

গ্রেপ্তার
প্রতীকী ছবি

হত্যা ও চুরির মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নিজের নাম–ঠিকানা পরিবর্তন করেন ভোলা মিয়া (৪৭)। এরপর আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধ থেকে ভোলা মিয়াকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা–পুলিশ। ভোলা মিয়া আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের অকিম উদ্দিনের ছেলে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ভোলা মিয়ার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২০০৩ সালে একটি হত্যা ও চুরির মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। ২০০৮ সালে ভোলা মিয়া আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ওসি জালাল উদ্দীন আরও বলেন, ভোলা মিয়া নিজের নাম–ঠিকানা পরিবর্তন করে মাসুদ নাম নেন। এরপর স্ত্রী–সন্তানসহ নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধে ঘর নির্মাণ করে বাস করতে থাকেন। সেখানে দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে ছিলেন ভোলা মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আদমদীঘি থানা–পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ভোলা মিয়াকে আজ রোববার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।