
সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে বন্যাকবলিত উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলার ছাতক উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় ১৭২টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা না হলেও প্লাবিত হওয়া ও আশ্রয়কেন্দ্র খোলায় ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, বন্যাকবলিত উপজেলাগুলোতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এর মধ্যে ছাতকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত উপজেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয় আসছে না। ঝুঁকির কারণে অভিভাবকেরাও ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছেন না। ছাতক উপজেলায় ৭১২টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলায় ২৩টি, সদর উপজেলায় ২০টি বিদ্যালয় প্লাবিত হয়েছে।
সদর উপজেলা সদরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ জানান, বিদ্যালয়ের আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ায় কিছু লোক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। যে কারণে বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ আছে। তবে লোকজন বাড়িতে ফিরলে আবার পাঠদান শুরু হবে।
সদর উপজেলা ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা আকরাম উদ্দিন বলেন, ‘চারদিকে পানি থই থই করছে। ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না। এ অবস্থায় বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান বলেন, কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। তবে কিছু বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় শিক্ষার্থীরা আসছে না। পানি নেমে গেলেই আবার পাঠদান শুরু হবে।
জেলার বন্যা পরিস্থিতি
গতকাল মঙ্গলবার রাতে সুনামগঞ্জে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢল নামছে। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে বলে জানা গেছে। সড়ক প্লাবিত হওয়ায় ছাতক ও তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি যান চলাচল বন্ধ আছে। আজ বুধবার সকালে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় শতাধিক পরিবার বিভিন্ন বিদ্যালয়ে খোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।
এদিকে সুরমা নদীর তীর উপচে সুনামগঞ্জ শহরের মধ্যবাজার, তেঘরিয়া, উকিলপাড়া, সাহেববাড়ি, নবীনগর, বড়পাড়া, জলিলপুর, মল্লিকপুর এলাকায় মঙ্গলবার পানি প্রবেশ করলেও রাতে বৃষ্টি না হওয়ায় এসব এলাকায় পানি কিছুটা কমেছে।
স্থানীয় বাসিন্দা, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আক্রান্ত বেশি। ছাতক উপজেলায় প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ছাতক পৌর শহরের পুরোটাই এখন বন্যার পানিতে প্লাবিত। এ উপজেলায় ৩টি আশ্রয়কেন্দ্রে ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। দোয়ারাবাজার উপজেলায় পানিবন্দী আছে ১ হাজার ২০০ পরিবার।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান বলেন, ছাতক পৌর শহরসহ উপজেলার আটটি ইউনিয়ন বন্যাকবলিত। এর মধ্যে ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়ন বেশি আক্রান্ত। চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে ৮০টি পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত পরিবারগুলোকে সহায়তার জন্য ১৫ মেট্রিক টন চাল ও ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, জেলায় বন্যার পানিতে বিভিন্ন উপজেলায় ৭২০ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। পানি দ্রুত নেমে গেলে এসব ধানের ক্ষতি হবে না। তবে বৃষ্টির কারণে কাটা ধান শুকানো নিয়ে কৃষকেরা সমস্যা আছেন বলে জানান তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও উজান থেকে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামার কারণেই কোনো কোনো উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে যে সহযোগিতার প্রয়োজন, সেটি করা হচ্ছে।