কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক

২৬ ঘণ্টায়ও সরেনি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক, চালকদের ক্ষোভ

নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি এখনো সড়কের ওপর পড়ে আছে। আজ দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায়
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে থাকা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারবাহী ট্রাকটি ২৬ ঘণ্টায়ও সরানো সম্ভব হয়নি। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া অংশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এবং ঈশ্বরদী অংশের লালন শাহ সেতু পর্যন্ত যানজট তৈরি হয়েছে।

এর আগে গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে সিলিন্ডারবাহী ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায় আড়াআড়িভাবে মহাসড়কে পড়ে যায়। এতে দক্ষিণ ও উত্তরবঙ্গের ৩২ জেলার যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় প্রশাসন ক্রেনের সাহায্যে ট্রাকটি উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে তারা ব্যর্থ হলে বেলা তিনটার দিকে উদ্ধারে অভিযান বন্ধ করে দেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সরেজমিন দেখা যায়, সিলিন্ডারবাহী ট্রাকটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। সেখানে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেছে। গতকাল বিকেল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ আছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ধৈর্য হারিয়ে ফেলেছেন চালকেরা।

ট্রাকচালক ইয়াছিন আলী বলেন, তিনি ফরিদপুর থেকে ধান নিয়ে দাশুড়িয়া যাবেন। কিন্তু গতকাল দুপুর থেকেই তিনি একই জায়গায় বসে আছেন। ট্রাক সরানোর ব্যাপারে কোনো জোরালো উদ্যোগ না দেখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া অংশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এবং ঈশ্বরদী অংশের লালন শাহ সেতু পর্যন্ত যানজট তৈরি হয়েছে

কয়লাবোঝাই ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাকচালক হাফিজুর রহমান। তিনি বলেন, খাওয়াদাওয়া ও প্রাকৃতিক কাজ সারতে বেশ কষ্ট হচ্ছে। সড়কে ভ্রাম্যমাণ কিছু খাবার পাওয়া গেলেও, সেগুলো কয়েক গুণ দাম নিচ্ছে।

এদিকে মহাসড়ক বন্ধ থাকায় মিরপুর উপজেলার বিভিন্ন বিকল্প ছোট রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে ওই এলাকার সরু সড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়ে গেছে। কোথাও কোথাও যানজটের পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে বাগেরহাটের মোংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি নিয়ে নাটোর যাচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। আড়াআড়িভাবে পড়ে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

যানজটে ত্যক্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এক ট্রাক চালক

ট্রাকে গ্যাসভর্তি ভারী সিলিন্ডার থাকায় সেটি স্থানীয়ভাবে সরানো সম্ভব হচ্ছে না। গতকাল রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পাবনার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে একটি দল ঘটনাস্থলে আসে। গ্যাসভর্তি সিলিন্ডার সরানোর ক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে, এমন ঝুঁকির কথা জানিয়ে তাঁরা সেখান থেকে চলে যান।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে ট্রাক সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে ওই পদ্ধতিতে ট্রাক উদ্ধার করা যায়নি। ঈশ্বরদী ও যশোরে যোগাযোগ করে বড় ক্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।