মাল্টাবাগান পরিচর্যা করছেন এক চাষি। সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়ায়।
মাল্টাবাগান পরিচর্যা করছেন এক চাষি। সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দীউড়ায়।

মৌলভীবাজারে মাল্টা চাষ

২৭৫টি বাগানে সাত কোটি টাকার মাল্টা উৎপাদনের আশা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজারে কাপড়ের দোকান ছিল আল আমিনের। কিন্তু স্বল্প পুঁজি ও বাকি দিয়ে এই ব্যবসায় কুলিয়ে উঠতে পারছিলেন না। বাকিতে বেচে অনেকের পেছনে ছুটে হয়রান হয়েছেন, সময়মতো টাকা মিলে না। একদিকে ব্যবসার মন্থর গতি, অন্যদিকে বাজারে দেশি-বিদেশি মৌসুমি ফলে ভেজাল। কৃষির প্রতি তাঁর ঝোঁক ছিল, টুকটাক এটা–সেটা চাষও করেন। কিন্তু তা ব্যাপক ও বাণিজ্যিকভাবে করেননি।

এমন অবস্থায় বিষমুক্ত ফল উৎপাদন করে ভাগ্যের চাকা ঘোরানোর আশায় কৃষি বিভাগের পরামর্শে ২০১৭ সালে মাল্টার চাষ শুরু করেছিলেন আল আমিন। এ বছর তাঁর বাগানে পুরোদমে মাল্টা উৎপাদন শুরু হয়েছে। আশা করছেন, এক মৌসুমেই লাখখানেক টাকার মাল্টা বিক্রি করবেন।

কৃষি বিভাগ বলছে, ‘মাল্টা’ পরিচিত ফল হলেও স্থানীয়ভাবে মাল্টার চাষ হতে পারে, এটা অনেকের ধারণাই ছিল না। তবে কয়েক বছর ধরে মৌলভীবাজারে নতুন ফসল হিসেবে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের পরিধি বেড়েই চলেছে। জেলায় এখন বাণিজ্যিক লক্ষ্যে অনেকেই মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কেউ নতুন বাগান করছেন, কারও বাগানের মাল্টা বিক্রি হচ্ছে। ছোট–বড় মিলিয়ে সারা জেলায় এখন ২৭৫টি মাল্টাবাগান। যেখান থেকে প্রায় ৪৮০ মেট্রিক টন মাল্টা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

আল আমিনের মতো অনেকেই এখন মাল্টা চাষে যুক্ত হয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাষি মো. হুমায়ূন কবিরের বাগানে অন্যান্য ফলের সঙ্গে আছে ৩১টি মাল্টাগাছ। তাঁর অন্তত চার মণ মাল্টা হওয়ার কথা এবার। শ্রীমঙ্গলের খালেক হোসেনের বাগানে আছে ১৬০টি গাছ। তাহের মিয়ার বাগানে পুরোনো ১৬০টির সঙ্গে নতুন করে আরও ৯০টি গাছ লাগিয়েছেন। পরিণত গাছে ৩০ থেকে ৪০টি করে মাল্টা এসেছে। শফিক গাজীও জানিয়েছেন, গত বছর নতুন অবস্থায় তাঁর বাগানে প্রায় দুই হাজার মাল্টা এসেছিল।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি মাল্টার বাগান।

আল আমিন গত রোববার (১৬ আগস্ট) প্রথম আলোকে জানান, ২০১৭ সালে রাজনগর উপজেলার নন্দীউড়া গ্রামে ৬০ শতক সমতল ভূমিতে মাল্টা চাষ শুরু করেন। কৃষি বিভাগ তাঁকে বারি-১ জাতের ১৮০টি মাল্টার চারা প্রদান করে। কিছু গাছ মারা যায়। সেগুলো পূরণসহ তিনি আরও ১২টি চারা যুক্ত করেন। এখন তাঁর মাল্টাবাগানে ১৯২টি গাছ। এখন পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকার মতো। মাল্টা চাষ করতে গিয়ে কৃষি বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন স্থানের মাল্টাবাগান ঘুরে দেখেছেন। এবার তাঁর মাল্টাবাগান থেকে ফল বিক্রিও শুরু করেছেন। প্রথম ধাপে দুই মণ মাল্টা বিক্রি করেছেন ১৫০ টাকা কেজিতে। এই সপ্তাহে আরও মণ দুই মাল্টা বিক্রি করা যাবে। প্রতিটি গাছেই ফল এসেছে। গাছ এখনো ছোট। তাঁর ধারণা, এবার লাখখানেক টাকার মাল্টা বিক্রি করতে পারবেন। স্থানীয় ক্রেতারাই ৫-১০ কেজি করে কিনে নিচ্ছেন। কৃষি বিভাগ থেকে তাঁর বাগান দেখাশোনা করা হচ্ছে এবং সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি মনে করছেন, প্রতিটি গাছ কম করেও ২৫-৩০ বছর বাঁচবে, ফল দেবে। এ ছাড়া মৌসুমি সবজি উৎপাদনও করছেন তিনি। তাঁর কথায়, ‘কোনো ফল-সবজি আমি কিনে খাই না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়-টিলাসমৃদ্ধ এই জেলা মাল্টা চাষের উপযোগী। কিন্তু এই ফসলের সঙ্গে স্থানীয় চাষিরা তেমন পরিচিত নন। কেউ হয়তো শখ করে বাড়ির আঙ্গিনায় দু–চারটা মাল্টার চারা লাগিয়েছিলেন। বাণিজ্যিক চাষের ধারণাই ছিল না কারও। এই পরিস্থিতিতে কৃষি বিভাগ সিলেটের জৈন্তুপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু চারা এনে জেলায় মাল্টা চাষের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু তাতে লোকজনের মধ্যে তেমন একটা আগ্রহ দেখা যায়নি। একপর্যায়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাল্টাবাগান তৈরি করে। তা সত্ত্বেও চাষিরা মাল্টা চাষে আগ্রহ দেখাননি।

অনেকেই এখন মাল্টা চাষে আগ্রহী। বাইরের এলাকার মাল্টা হলুদ রঙের। স্থানীয় বারী-১ জাতের এই মাল্টা সবুজ। বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মাল্টা স্থানীয় চাহিদা পূরণ করতে পারবে। এখানে কমলার থেকেও মাল্টার সম্ভাবনা বেশি।
কাজী লুৎফুল বারী, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার

তখন কৃষি বিভাগ জেলার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিনা মূল্যে চারা ও নগদ টাকা দিয়ে মাল্টা চাষে উৎসাহ প্রদান করে। এতে সাড়া মেলে। অনেক বেকার যুবক মাল্টা চাষে যুক্ত হয়েছেন। এ রকম উদ্যোগে ২০১৫ সাল থেকে মাল্টা চাষের প্রকৃতি বদলে যেতে থাকে। শখের জায়গা দখল করে বাণিজ্যিক আগ্রহ। অনেকেই এখন আর্থিক কর্মসংস্থানের পথ খুঁজছেন এই মাল্টা চাষের মাধ্যমে। জেলায় ছোট–বড় ২৭৫টি মাল্টাবাগান গড়ে উঠেছে। জমির পরিমাণ ৮০ হেক্টর। কমবেশি জেলার সব উপজেলাতেই মাল্টা চাষ হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় ৫৫টি করে মাল্টাবাগান আছে। এ বছর ফলন ভালো হয়েছে। এ বছর জেলায় ৪৮০ মেট্রিক টন মাল্টা উৎপাদন হওয়ার আশা করা হচ্ছে, যার বাজারমূল্য সাত কোটি টাকার ওপরে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী প্রথম আলোকে বলেন, মাল্টা বাইরে থেকে আসত। কিন্তু এখন জেলায় মাল্টা চাষে আগ্রহ ও আবাদ সম্প্রসারিত হচ্ছে। অনেকেই এখন মাল্টা চাষে আগ্রহী। বাইরের এলাকার মাল্টা হলুদ রঙের। স্থানীয় বারী-১ জাতের এই মাল্টা সবুজ। বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মাল্টা স্থানীয় চাহিদা পূরণ করতে পারবে। এখানে কমলার থেকেও মাল্টার সম্ভাবনা বেশি।