নওগাঁ

৩০-৪০ পয়সায় লেবু বিক্রি, হতাশ চাষি

কৃষকেরা প্রতিটি লেবু ৩০-৪০ পয়সা দরে বিক্রি করছেন। অথচ খুচরা বাজারে লেবু দেড় থেকে দুই টাকায় বিক্রি হচ্ছে।

লেবু
ফাইল ছবি

নওগাঁর বদলগাছী ও সদর উপজেলায় এবার লেবুর ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে লেবুর দাম একেবারে কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন লেবুচাষিরা। জেলার বিভিন্ন হাটবাজারের আড়তে প্রতিটি লেবু ৩০–৪০ পয়সা দরে বিক্রি করতে হচ্ছে, এতে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে লেবুচাষিদের।

গতকাল শনিবার সকালে নওগাঁ পৌর পাইকারি তরকারি বাজার ও সদর উপজেলার কীর্তিপুর বাজারে গিয়ে দেখা যায়, আড়তদারেরা কৃষকদের কাছ থেকে ১ হাজার লেবু ৩৫০–৪০০ টাকা দরে কিনছেন। যেখানে গাছ থেকে ১ হাজার লেবু সংগ্রহ করতে শ্রমিকের মজুরি দিতে হয় কমপক্ষে ২০০ টাকা। এ ছাড়া রয়েছে পরিবহন খরচও।

সদর উপজেলার কীর্তিপুর, বদলগাছী উপজেলার কোলা ও উপজেলা সদর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ওই সব বাজারে গতকাল প্রতি হাজার লেবু বিক্রি হয়েছে ৩০০–৩৫০ টাকা দরে। এ হিসাবে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৩০–৩৫ পয়সায়।

আড়তদার ও চাষিরা বলছেন, ৩-৪ সপ্তাহ আগেও ১ হাজার লেবু ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। রমজান মাসে এক হাজার লেবু পাইকারি বাজারে বিক্রি হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। আমদানির তুলনায় চাহিদা কম থাকায় লেবুর ভালো দাম পাচ্ছেন না চাষিরা।

নওগাঁ পৌর পাইকারি তরকারি বাজারে লেবু বিক্রি করতে আসেন সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের লেবুচাষি আবদুর রহমান। লেবু কী দামে বিক্রি করলেন? প্রশ্ন করতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘আর বইলেন না, দেড় হাজার লেবু আনছিলাম। পানির চেয়েও কম দামে সেই লেবু বিক্রি করলাম। দেড় হাজার লেবু বিক্রি করলাম মাত্র ৪৫০ টাকায়।’ তিনি আরও বলেন, সাত বছর ধরে এক বিঘা জমিতে চায়না-৩ জাতের লেবু চাষ করছেন। এত দিন খরচ বাদ দিয়ে বছরে ৩০-৪০ হাজার টাকা লাভ থাকত। তিন-চার সপ্তাহ ধরে যে দামে লেবু বিক্রি হচ্ছে, তাতে সার-কীটনাশক ও পরিচর্যার তো দূরের কথা, গাছ থেকে লেবু সংগ্রহে শ্রমিকের খরচও উঠবে না। আবার সেই লেবু বাজারে নিতেও আলাদা খরচ হয়। এবার একেবারে লোকসান হয়ে গেল।

পৌর পাইকারি বাজারের লেবু ব্যবসায়ী লোকমান আলী নওগাঁর স্থানীয় বাজার ছাড়াও বগুড়া ও রাজশাহীর বাজারে লেবু বিক্রি করেন। তিনি বলেন, নওগাঁ সদরের কীর্তিপুর, বক্তারপুর, বর্ষাইল, বদলগাছী উপজেলার বিলাশবাড়ী, কোলা, ভান্ডারপুর ও আধাইপুর ইউনিয়নে প্রচুর পরিমাণে লেবুর চাষ হয়ে থাকে। এ অঞ্চলে উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও বিক্রি হয়ে থাকে। এবার বাজারে প্রচুর লেবুর আমদানি হচ্ছে। কিন্তু লেবুর চাহিদা তেমন নেই। গত রমজানে লেবুর চাহিদা থাকলেও এখন লেবুর চাহিদা খুব কম। তিনি আরও বলেন, চাষিদের কাছ থেকে ৩৫০–৪০০ টাকা দরে প্রতি হাজার লেবু কিনে ৪০-৫০ টাকা লাভ করে তাঁরা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

বদলগাছী উপজেলার কাস্টডোম গ্রামের লেবুচাষি রাসেল রানা বলেন, কৃষকেরা বাজারে প্রতিটি লেবু ৩০-৪০ পয়সা দরে বিক্রি করছেন। অথচ খুচরা বাজারে ক্রেতারা সেই লেবু দেড় থেকে দুই টাকা দামে কিনছেন। লেবুর লাভের বেশির ভাগই খাচ্ছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। পাইকারেরা সিন্ডিকেট করে চাষিদের কাছ থেকে কম দরে লেবু কিনে পরে বেশি লাভে বিক্রি করছেন। তাঁদের স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের কেউ নেই।

পৌর পাইকারি বাজার থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌর বড় বাজারে খুচরা তরকারি বিক্রেতাদের প্রতিটি লেবু দেড় থেকে দুই টাকা দরে বিক্রি করতে দেখা যায় গতকাল সকালে। বাজারের তরকারি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, পাইকারদের কাছ থেকে তিনি ১০০ লেবু ১১০ টাকা দরে কিনেছেন। সেই লেবু তিনি বিক্রি করছেন ছয় টাকা হালি দরে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লেবুর চাষ হয়েছে। এর মধ্যে বদলগাছী উপজেলায় সর্বোচ্চ ৪০ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। নওগাঁ সদর উপজেলায় চাষ হয়েছে ২৭ হেক্টর জমিতে। এবার লেবু চাষের জন্য উপযোগী আবহাওয়া থাকায় এবং খেতে রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলন ভালো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক (উদ্যান) খিজির হোসেন প্রামাণিক বলেন, এ অঞ্চলে প্রতিবছরই লেবুর আবাদ বাড়ছে। কিন্তু বাজারে দাম কম হওয়ার কারণে কৃষকদের এবার লোকসান গুনতে হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে, এক বিঘা জমিতে সারা বছর লেবু উৎপাদনে খরচ হয় প্রায় ৬০ হাজার টাকা। সে হিসাবে প্রতি হাজার লেবু দুই হাজার টাকায় বিক্রি হলে কৃষকের কিছুটা লাভ থাকার কথা। সেখানে ১ হাজার লেবুর দাম মাত্র ৩০০ টাকা। এ দাম খুবই অস্বাভাবিক। বাজারে এত কম দাম থাকলে কৃষকেরা লেবু উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে। কৃষকদের উৎপাদিতে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে জরুরি উদ্যোগ নেওয়া উচিত।