
রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আগামী ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আত্মসমর্পণ করলে খালেদা জিয়ার পক্ষ থেকে জামিন চাইবেন তাঁর আইনজীবীরা।
৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিরা গ্রেপ্তার হয়েছেন কি না, তা পুলিশকে আগামী ২৭ এপ্রিল জানাতে বলেছেন আদালত। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
আরও জানতে পড়ুন:
খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা