
সিলেট বিভাগে আরও ৮৬ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ হাজার ৯৪৭। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ৯৭ জন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৫৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। ঢাকার পরীক্ষাগারে মৌলভীবাজার জেলার ৬ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮২ জন। এর মধ্যে মারা গেছেন ৬৩ জন, সুস্থ হয়েছেন ৪৮১ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭৫ জন এবং মারা গেছেন ৭ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৭২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৭২ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫০৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং মারা গেছেন ৫ জন।