
তিন মাস আগে বালু কাটার ড্রেজার (খননযন্ত্র) যাওয়ার সময় সেতুতে ধাক্কা লাগে। এরপর ধসে পড়ে এটি।
নবগঙ্গা নদীর উত্তর পারে চোরখালী ও দক্ষিণ পারে কচুবাড়িয়া গ্রাম। নদীর ওপরে ছিল লোহার কাঠামো ও কাঠের পাটাতনের তৈরি একটি সেতু। নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় অবস্থিত সেতুটি মাঝখানে ভেঙে নদীতে পড়ে গেছে। তিন মাস ধরে এ অবস্থা হলেও মেরামতের কোনো উদ্যোগ নেই। এতে পৌর এলাকাসহ উপজেলার অন্তত নয়টি গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
লোহাগড়া পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া সেতুটি নব্বইয়ের দশকে লোহাগড়া বাজার এলাকায় ছিল। পরে সেখানে পাকা সেতু নির্মাণ করা হয়। তখন সেতুটি সরিয়ে এখানে আনা হয়। এটি প্রায় ৪০০ ফুটের মতো লম্বা। তিন মাস আগে বালু কাটার ড্রেজার (খননযন্ত্র) যাওয়ার সময় সেতুতে ধাক্কা লাগে। এরপর আস্তে আস্তে ধসে পড়ে এটি। কিন্তু সেতুটি চালু করার কোনো উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা যায়, চোরখালী গ্রামের পাশে ভাঙা সেতুটি। সেতুর মাঝখানে প্রায় ১০০ ফুটের মতো অংশ ভেঙে নদীর মধ্যে ঝুলে আছে। ওই অংশের লোহার খুঁটিগুলো ভাঙা, কাঠের পাটাতনও ভাঙা। অন্য অংশেও লোহার খুঁটি ও কাঠামো নড়বড়ে।
ওই সেতুর পাশেই কথা হয় চোরখালী গ্রামের বাসিন্দা চাকরিজীবী জাহিদুল ইসলাম, কৃষক জিয়াউর রহমান ও গৃহবধূ চম্পা সরকার এবং কচুবাড়িয়া গ্রামের কৃষক ভক্ত দাসের সঙ্গে। তাঁরা জানান, সেতুটির কাছাকাছি দুই পারে জয়পুর, চোরখালী, গোফাডাঙ্গা, ধোপাদহ, বাহিরপাড়া, নারানদিয়া, পুরুলিয়া, কচুবাড়িয়া ও রামপুর গ্রাম। সেতুর দক্ষিণ পারে রয়েছে ঐতিহ্যবাহী এড়েন্দা বাজার। এসব গ্রামের ব্যবসায়ী, কৃষিজীবী, চাকরিজীবী ও সাধারণ মানুষের জন্য সেতুটি খুবই প্রয়োজন। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের এ সেতু পার হয়ে যেতে হয় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে। ওই সব গ্রামের মানুষ সেতুটি দিয়ে লোহাগড়া ও নড়াইল সদরে যাতায়াত করে।
কচুবাড়িয়া গ্রামের ভক্ত দাস বলেন, চোরখালী গ্রামে তাঁর পানের বরজ আছে। প্রতিদিন তাঁর নিজের, স্ত্রী ও ছেলেমেয়ের তিনবার যেতে হয় সেখানে। সেতু ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিন নদী সাঁতরে পানিতে ভিজে পার হচ্ছেন তাঁরা।
চোরখালী গ্রামের বাসিন্দা কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানায়, সেতু চালু থাকতে ১০ মিনিটের পথ ছিল স্কুল। এখন চার কিলোমিটার ঘুরে যেতে হয়। সময়মতো ভ্যান পাওয়া যায় না। প্রায় এক ঘণ্টা লাগে, খরচও বেড়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার মানুষের জন্য সেতুটি খুবই প্রয়োজন। ভেঙে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। সেতুটি পৌর এলাকায়, তাই পৌর কর্তৃপক্ষের এখানে ভূমিকা রাখা দরকার।’
লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান বলেন, ওই এলাকায় নদী খনন করা হবে, তাই পানি উন্নয়ন বোর্ড ভাঙা সেতুটি অপসারণ করতে পৌরসভাকে চিঠি দিয়েছে। সেই চিঠি পেয়ে স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ডিও লেটারসহ (আধা সরকারি পত্র) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছি।’