প্রকল্প বাস্তবায়নের সময় ১২ জনের মধ্যে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, যে তিনজন বাদ পড়েছেন, তাঁরাই বেশি অসচ্ছল।

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা ‘বীর নিবাস’–এর বরাদ্দ পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। তাঁরা বলেন, প্রথম দফায় যাঁদের বাড়ি করে দেওয়া হয়েছে, তাঁদের কারও কারও একাধিক বাড়ি রয়েছে। আবার নিজেরা ও তাঁদের সন্তানেরাও সচ্ছল। অথচ দিনমজুরি করেন, মাটির ঘরে থাকেন—এমন বীর মুক্তিযোদ্ধারা বাড়ি বরাদ্দ পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৭৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প’-এর অধীন বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য তালিকা করা হয়। এ সুবিধাভোগী নির্বাচনবিষয়ক কমিটির সভাপতি ইউএনও। কমিটিতে সদস্য হিসেবে থাকেন স্থানীয় সংসদ সদস্যের নির্বাচিত একজন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
কিন্তু এ প্রকল্প বাস্তবায়নের সময় ১২ জনের মধ্যে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, যে তিনজন বাদ পড়েছেন, তাঁরাই বেশি অসচ্ছল। বাদ পড়া তিন বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বরিদবাশাইল গ্রামের মো. মুনসুর আলী প্রামাণিক, বখতিয়ারপুর ইউনিয়নের বেড়া গ্রামের আনিসুর রহমান মোল্লা ও ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের জোনাব আলী।
গত মঙ্গলবার মুনসুর আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষবিশিষ্ট একটি ঘরে তাঁরা স্বামী-স্ত্রী থাকেন। মুনসুর আলীর বয়স হয়েছে ৮১ বছর। তিনি বরাবরই দিনমজুরি করে সংসার চালিয়েছেন। চার ছেলে বড় হয়ে আলাদা সংসার করেছেন। মুনসুর আলীর ১০ কাঠা জমি রয়েছে। আর কোনো সহায়সম্পদ নেই। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া তাঁর আয়ের আর কোনো উৎস নেই। এখন আর কোনো কাজও করতে পারেন না। তিনি বলেন, বীর নিবাসের তালিকায় তাঁর নাম ছিল। তারপর কীভাবে বাদ গেল, বলতে পারবেন না।
আনিসুর রহমান মোল্লা মাটির ঘরে থাকেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে ইপিআরে চাকরি করতেন। সেখান থেকেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তাঁর চাকরি ছিল। তিনি ১৯৭৩ সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। এলাকায় এসে দলিল লেখকের কাজ করেন।
আনিসুর রহমান মোল্লা বলেন, তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা সবাই আলাদা হয়ে গেছেন। এক ছেলের ব্যাংকের নিরাপত্তাকর্মী, আরেক ছেলে পুলিশের কনস্টেবল। সরকার থেকে বীর নিবাস না পাওয়ার ব্যাপারে বলেন, তিনি নিজে তাঁর ৭৬ বছরের জীবনে একটা পাকা ঘর করতে পারেননি। সরকার থেকে একটি পাকা ঘর করে দেওয়ার জন্য তালিকায় নাম উঠেছিল। পরে তাঁর নাম বাদ পড়েছে। এখন শুনছেন, ইউএনও নাকি একটা ডিও লেটার পাঠিয়েছেন। তাতে পরে কী হবে, জানেন না।
অন্যদিকে অপেক্ষাকৃত সচ্ছল বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাসের বরাদ্দ পেয়েছেন। জয়কৃষ্ণপুর গ্রামের আ ও ম নূরুল আলম বীর নিবাসের বরাদ্দ পেয়েছেন। তাঁকে সবাই ‘হিরু মাস্টার’ বলে চেনেন। তাঁর দুটি বাড়ি রয়েছে। ইটের দেয়াল ও টিনের চালা দেওয়া একটি বাড়িতে থাকেন তিনি।
নূরুল আলম বলেন, তাঁর ৮০০টি আমগাছ, ৮ বিঘার ২টি পুকুরসহ অনেক জমিজমা রয়েছে। রাজনীতির কারণে ৩২ বার তাঁকে কারাবরণ করতে হয়েছে। এখন তাঁর বয়স হয়েছে ৮২ বছর। আগে স্কুলশিক্ষক ছিলেন। এই রাজনৈতিক মামলার কারণে বেতন ছাড়া ছুটি নিয়ে কোনোরকমে চাকরি বাঁচিয়েছেন। এ জন্য আওয়ামী লীগ তাঁকে মূল্যায়ন করেছে। ‘বলতে পারেন জোর করে’ তাঁকে ঘরটি দিয়েছে।
নূরুল আলম আরও বলেন, ঘরের পেছনেই তিন কক্ষের বীর নিবাস নির্মাণ করা হয়েছে। গত কয়েক মাস আগে নির্মাণকাজ শেষ হয়েছে। তবে তিনি এখনো সেই বাসায় ওঠেননি।
ঝালুকা ইউনিয়নের গৌরীহার গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জনাব আলীর স্ত্রী ছাহেরা বিবি ঘর পেয়েছেন। বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া গেল না। তিনি তাঁর এক ছেলের বাসায় গেছেন। তাঁর এক ছেলে সরকারি বিদ্যালয়ের শিক্ষক। আরেক ছেলে বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর অন্য দুই ছেলে সংসার দেখাশোনা করেন। তাঁদের মধ্যে আরমান আলীর সঙ্গে কথা হয়। তাঁদের ইটের দেয়ালের বাড়ি রয়েছে। তাঁর মা এখনো সরকারের দেওয়া নতুন বাড়িতে ওঠেননি।
দুর্গাপুরের ইউএনও সোহেল রানা বলেন, তিনি এককভাবে এ তালিকা করেননি। এ বিষয়ে একটি কমিটি আছে। কমিটির সবাই মিলে অসচ্ছল
দেখেই সিদ্ধান্ত নিয়ে ১২ জনের নাম দেওয়া হয়েছিল। অনুমোদনও হয়েছিল। পরে তিনজন বাদ পড়েছেন। তাঁদের ইচ্ছা করে বাদ দেওয়া
হয়নি। ইউনিয়ন ধরে ধরে তালিকা করতে গিয়ে তাঁরা বাদ পড়েছেন। স্থানীয় সংসদ সদস্য তাঁদের জন্য একটি ডিও লেটার দিয়েছেন। আশা করা যায়, তাঁরাও ঘর পাবেন।