ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে

ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার পরপর ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি মাইজবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। আজ শনিবার দুপুরে তিনি বিক্ষোভের একটি ভিডিও ফুটেজ নিজের ফেসবুকে প্রকাশ করেন।

এ ঘটনায় রফিকুল ইসলাম উল্লেখ করেন, ‘সারা দেশে রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাসুদ হাসানের উদ্যোগে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অবিলম্বে রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে বৃহত্তর গণ–আন্দোলনের মাধ্যমে সবকিছুর ফয়সালা করা হবে।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বলেন, ‘গতকাল শুক্রবার বেলা ২টার দিকে হারুয়া এলাকায় আমার বিক্ষোভ মিছিলটি করেছি।’

একই ভিডিও আজ বেলা ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘সারা দেশে রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসানের উদ্যোগে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিল।’

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘সাদ্দাম হোসেনকে একটি নাশকতার মামলা আজ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকালের মিছিল কারা করেছে এবং তাঁরা এ এলাকার কি না, তা পর্যালোচনা শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’