গঙ্গাচড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় আসামি ২ হাজার ৫০, গ্রেপ্তার ৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিরো পয়েন্ট এলাকায়
ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আজ শুক্রবার বিকেলে গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এসআই বুলবুল বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে। তবে তিনি আসামিদের নাম জানাননি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষের ঘটনায় আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ। বর্তমানে ওই উপজেলার পরিস্থিতি শান্ত আছে।

থানা-পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সদস্য মাহবুব আসিফ, ছাত্রদল কর্মী সিদ্দিক, অয়ন ও নয়ন।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ চড়াও হওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নারায়ণগঞ্জ ও ভোলায় নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে গঙ্গাচড়ার পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে ৫০টি রাবার বুলেট ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলালসহ পুলিশের ২০ সদস্য এবং বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।