সিলেটে বোনম্যারো প্রতিস্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা

সিলেটে পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালের উদ্যোগে বোনম্যারো ও স্টেম সেল প্রতিস্থাপন বিষয়ে সেমিনার। শুক্রবার রাতে
ছবি: প্রথম আলো

সিলেটে বোনম্যারো (অস্থিমজ্জা) প্রতিস্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এ চিকিৎসা এখানে সম্ভব কি সম্ভব নয়, তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজেদের মতামত উপস্থাপন করেছেন।

গতকাল শুক্রবার রাত আটটায় নগরের সোবহানীঘাট এলাকায় পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালের উদ্যোগে হাসপাতালে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নিয়ে এ আলোচনা করেন। ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বোনম্যারো ও স্টেম সেল প্রতিস্থাপন’ শীর্ষক এ সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল এসকেএফ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পপুলার মেডিকেল সেন্টার লিমিটেডের চেয়ারম্যান মো. ইসমাইল পাটোয়ারি। নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনোজ্জির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। ঢাকার এভারকেয়ার হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ আবু জাফর মোহাম্মদ সালেহ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নবেন্দু চৌধুরী সেমিনার সঞ্চালনা করেন। এ ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন এসকেএফের উপমহাব্যবস্থাপক (সেলস) মোহাম্মদ সালাম ভূঁইয়া ও পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক হিমাংশু লাল রায়। স্বাগত বক্তব্য দেন চিকিৎসক মো. শাহনেওয়াজ চৌধুরী।

সেমিনারে বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে বোনম্যারো প্রতিস্থাপনের বর্তমান অবস্থা ও করণীয় নিয়েও আলোচনা হয়। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে এসকেএফের মোহাম্মদ সালাম ভূঁইয়া বলেন, এসকেএফ বিশ্বের বিশ্বমানের পণ্য তৈরি করছে। এসকেএফই হচ্ছে প্রথম বাংলাদেশি কোম্পানি, যারা যুক্তরাষ্ট্রে ইনজেক্টেবল পণ্য রপ্তানি করছে।