
সুনামগঞ্জে লন্ডনপ্রবাসী দুলা মিয়া হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ২১ বছর পর আজ সোমবার এই মামলার রায় ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মহিউদ্দিন মুরাদ।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া ব্যক্তি হলেন জেলার জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামের হিরা মিয়া ওরফে ইজাজুল। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একই গ্রামের আবদুল মনাফ, কয়েছ, মসকুর, নেছাওর ও নুর হোসেনের। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, দাওরাই গ্রামের সফর আলী ও নেছাওর মিয়ার মধ্যে বাড়ির পাশের একটি ডোবা নিয়ে বিরোধ ছিল। ২০০১ সালে ২৫ নভেম্বর বিরোধপূর্ণ ওই ডোবায় মাছ ধরতে যান নেছাওর মিয়ার লোকজন। বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে দেখে দুলা মিয়া বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় দুলা মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত দুলা মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তখন দুলা মিয়ার বয়স ছিল ২৬।
ওই ঘটনার পর দুলা মিয়ার চাচা সফর আলী বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৩২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা চলাকালে পাঁচজন আসামির মৃত্যু হয়।
আজ সোমবার মামলার রায়ে বাকি আসামিদের মধ্যে ছয়জনকে সাজা দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ২১ জন।