
পিঠা উৎসবে মেতেছেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দারা। উৎসবে তাঁদের আপ্যায়নে নকশি পিঠা, কুশলী, ভাপা, দুধ পিঠা, নারকেল পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটাসহ বানানো হয় ১২ রকমের ৩০ হাজার পিঠা। এসব পিঠা বিনা মূল্যে খেতে দেওয়া হয় অতিথিদের। পিঠার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজন করা হয় ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির উদ্যোগে।
আজ রোববার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় ছায়ানীড় কমিউনিটি সেন্টারে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উপলক্ষে বিকেল থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী কাজল দেওয়ান, বাবলি দেওয়ান এবং ক্লোজআপ ওয়ানের শিল্পী নীপা আক্তার।
পিঠা উৎসবে পিঠা খেতে আসা ষাটোর্ধ্ব শামসুল হক বলেন, ‘ছুডু বেলায় মা–বইনদের পিঠাপুলি খাইছি। সেই পিঠাপুলি এহন আর দেখতে পাই না। আইজকা পিঠা খাইতে পাইয়া বড্ড ভালা লাগছে।’ স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ‘বাঙালির ঐতিহ্যের একটি অংশ হচ্ছে পিঠা। এ দেশের লোকসংস্কৃতিরও মানুষের প্রিয় গ্রামবাংলা ঐতিহ্যের পিঠাপুলি। এর আগে ঢাকায় এত বড় পরিসরে বিনা মূল্যে পিঠা উৎসব দেখিনি। পিঠা খাওয়ানোর পাশাপাশি গান শুনতে পেরে ভীষণ ভালো লাগছে।’
পিঠা উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কেরানীগঞ্জের সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, কালের আবর্তে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য পিঠাপুলি তৈরি ও খাওয়া বিলীন হয়ে যাচ্ছে।
গ্রামবাংলার ঐতিহ্য পিঠা আবারও মানুষের মধ্যে ধরে রাখার জন্য ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসবের আয়োজনটি প্রশংসনীয় উদ্যোগ। এ পিঠা উৎসবে এসে গ্রামবাংলার ঐতিহ্য মা-বোনদের তৈরি পিঠা খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে।
পিঠা উৎসব উপলক্ষে মধ্যরাত থেকে অর্ধশতাধিক দেশীয় চুলায় পিঠা তৈরি করা হয়। পিঠা তৈরি করেছেন শতাধিক কর্মী। ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি ২০১৮ সাল থেকে এ ধরনের আয়োজন করে আসছে। তবে করোনা মহামারির মধ্যে বিধিনিষেধের জন্য গত দুই বছর খুব একটা জমেনি এ মেলা। ব্যাপক পরিসরে হচ্ছে এবারের আয়োজন।
আটি এলাকার গৃহবধূ খুশবু বেগম বলেন, ‘আগে শীত মৌসুমে গ্রামের বাড়িতে গিয়ে নানুর হাতে বানানো পিঠা খেতাম। এখানে এসে গ্রামবাংলার হারিয়ে যাওয়া অনেক পিঠা দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল। এখানে এসে হরেক রকমের পিঠা বিনা মূল্যে খেতে পেরেছি। উৎসবটি যেন প্রতিবছরই হয়, এটাই আমাদের প্রত্যাশা।’
ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ বলেন, এবার পিঠা উৎসবে কমপক্ষে ১২ রকমের ৩০ হাজার পিঠাপুলি তৈরি করা হয়েছে। এসব পিঠা প্রায় ১০ হাজার মানুষ বিনা মূল্যে খেয়েছেন। আমার জানামতে, এত বড় পরিসরে এ ধরনের পিঠাপুলি তৈরি ও খাবারের ব্যবস্থা অন্য কোনো সংগঠন বা সংস্থা এর আগে আয়োজন করেনি। এবার ভিন্ন ছয়টি স্থানে পিঠা উৎসব হবে।