
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরবঙ্গ। সেই সঙ্গে প্রতিনিয়ত কমছে তাপমাত্রা। উত্তরের অন্যান্য এলাকার পাশাপাশি শীত জেঁকে বসেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। দুপুর পর্যন্ত কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে অনেক যানবাহনকে। আজ বৃহস্পতিবার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চলতি মাসেই দেখা দেবে শৈত্যপ্রবাহ। এতে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
সৈয়দপুরে কয়েক দিন ধরেই ঘন কুয়াশা নামছে। দিনের বেলা দীর্ঘক্ষণ কুয়াশা থাকায় রোদের প্রখরতা থাকে না। জরুরি প্রয়োজন না থাকলে মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। কনকনে ঠান্ডায় কৃষিজীবীসহ নিম্ন আয়ের মানুষেরা কাজে বের হওয়া নিয়ে বিপাকে পড়েছেন।
সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার বাসিন্দা সুজন প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে বের হন। তিনি বলেন, এই সময়ে ইজিবাইকের চলাচল কম হওয়ায় যাত্রী ভালো পাওয়া যায়। তবে কয়েক দিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। ইজিবাইক চালাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় তাঁরও হাত-পা জড়ো হয়ে যাচ্ছে।
বোতলাগাড়ী ইউনিয়নের পুরান পোড়াহাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এখন ধানের বীজ বপন করার সময়। মাঠে আলু আছে। যদি এমনভাবে কুয়াশা হয়, তাহলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। এ সময়ে কৃষকেরা খুব ভয়ে থাকেন। কয়েক দিন ধরেই ঘন কুয়াশা, তাই আলুতে কীটনাশক স্প্রে করতে হচ্ছে।
সৈয়দপুর উপজেলা আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, প্রতিদিন তাপমাত্রা কমছে। আজ সকাল থেকেই ঘন কুয়াশা ছিল। এই তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমতে পারে এবং এ মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে।