বেলা ১টা ১৬ মিনিট। রেলস্টেশনে এসে দাঁড়াল দোলনচাঁপা এক্সপ্রেস। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে ফুল ছিটিয়ে যাত্রীদের বরণ করে নেন এলাকাবাসী। এরপর ট্রেনের চালক, কমকর্তা ও যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হঠাৎ ফুল পেয়ে বিস্মিত হলেন তাঁরা। আজ রোববার সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি রেলস্টেশনে ছিল এসব ব্যতিক্রমী আয়োজন। বাদিয়াখালি দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
উদ্যোক্তারা বললেন, বাদিয়াখালি রেলস্টেশনে দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। এর পরিপ্রেক্ষিতে আজই প্রথম ট্রেনটি এ রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। তাই এ উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ট্রেনটি বাদিয়াখালি রেলস্টেশনে কিছু সময় দাঁড়িয়ে রেখে এক সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আবদুল খালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সমাজকর্মী গোলাম রাব্বী প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক মাস আগে বাদিয়াখালিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গণ–অনশন মানববন্ধন, রেলপথ অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়। চলতি বছরের ১৪ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বাদিয়াখালি স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা আজ রোববার (১ জানুয়ারি) থেকে কার্যকর করা হলো।
ওই সমাবেশে রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দোলনচাঁপা ট্রেনবিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আবদুল খালেক বলেন, এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁদের নিয়মিত গাইবান্ধা ও বগুড়া যেতে হয়। ট্রেনটি এখানে না থামার কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হতো। অনেক ঘুরে গাইবান্ধা শহরে যেতে হতো। যাত্রাবিরতির অনুমতি পেয়ে এলাকাবাসী আনন্দিত।
এদিকে হঠাৎ ফুল পেয়ে আনন্দিত হন অনেক যাত্রী। ফুল পাওয়ার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের ব্যবসায়ী নাদিম মাহমুদ (৪৫) নামের এক যাত্রী বলেন, ‘আমি প্রায়ই বাড়ি থেকে এ ট্রেনে বগুড়া যাতায়াত করি। কিন্তু ট্রেনটি বাদিয়াখালি রেলস্টেশনে যাত্রাবিরতি ছিল না। যাত্রাবিরতির জন্য এখানে আন্দোলন হতে দেখেছি। কিন্তু আজ থেকে এখানে যাত্রাবিরতি হবে জানতাম না। ফুল পেয়ে বিষয়টি জানলাম। অনেক ভালো লাগল।’
একই এলাকার আরেক যাত্রী বিপাশা চৌধুরী বললেন, ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফুল পেয়ে অবাক হলাম। হঠাৎ ফুল কেন। তারপর জানলাম এখানে ট্রেনটি প্রথমবারের মতো যাত্রাবিরতি করছে। এ উপলক্ষে যাত্রীদের ফুল দেওয়া হচ্ছে।