দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ডুবোচরের কারণে দুই কিলোমিটার ঘুরে চলছে ফেরি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ডুবোচর জেগে ওঠায় ফেরিসহ নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। ডুবোচরের কারণে তিন কিলোমিটার নদী পথ পাড়ি দিতে বাড়তি ঘুরতে হচ্ছে দুই কিলোমিটার পথ। এতে ২৫-৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে পৌনে এক ঘণ্টার বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, মাঝ নদীতে ডুবোচর জেগে ওঠায় দীর্ঘ পথ ঘুরে ফেরি চলাচল করছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়া পৌঁছাতে আগে যেখানে ২০-২৫ মিনিট সময় লাগত, বর্তমানে সেখানে সময় লাগছে প্রায় পৌনে এক ঘণ্টার মতো। এতে উভয় ঘাটে প্রায়ই যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ডুবোচর অপসারণ করা হলে সময় স্বল্পতার পাশাপাশি যানবাহন পারাপার দ্রুত সম্ভব হবে।

গত মঙ্গলবার দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ফেরিতে চলাচল করে দেখা যায়, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাট বরাবর প্রায় দেড় কিলোমিটার পথ পার হওয়ার পরই বিশাল আকারে ডুবোচর। ওই ডুবোচর এড়িয়ে পাশ দিয়ে পানি কম থাকায় ফেরিগুলো আরও প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে ফেরি ঘাটে যাচ্ছে। আগে এই শুষ্ক মৌসুমে নদী পাড়ি দিতে সময় লাগত ২৫ থেকে ৩০ মিনিট। বর্তমানে ডুবোচর এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে আসতে সময় লাগছে ৪৫ মিনিট থেকে ৫৫ মিনিট পর্যন্ত।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী প্রকৌশলী (ড্রেজিং) মো. মাসুদ রানা বলেন, এক মাসের বেশি সময় ধরে ডুবোচরটি অপসারণে কাজ করা হয়েছে। এখানের ডুবোচরের মাঝ বরাবর প্রায় ২ হাজার ফুট লম্বা ও ৩০০ ফুট চওড়া করে মধ্যবর্তী ডুবোচর চ্যানেল তৈরি করা হয়েছে। চ্যানেলটির মাঝে পানির গভীরতা রয়েছে প্রায় ১৬ ফুট করে। ডুবোচরের মাঝ বরাবর চ্যানেল তৈরি শেষে বিআইডব্লিউটিসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটের মাঝ নদীতে প্রায় ২ হাজার ফুট চওড়া ও আড়াই কিলোমিটার লম্বা আকৃতির বিশাল ডুবোচর অপসারণ করতে বিআইডব্লিউটিএর দুটি ড্রেজার দিয়ে ড্রেজিং করছে। ডুবোচরের কারণে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে ফেরি ঘাটে যাচ্ছে। এতে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।

আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে। ডুবোচরের কারণে দীর্ঘ দুই কিলোমিটার পথ ঘুরে চলাচল করায় ফেরির জ্বালানি খরচ আগের চেয়ে বেশি হচ্ছে। ডুবোচরের মাঝ বরাবর খনন কাজ প্রায় শেষ হয়েছে। খুব শিগগির নতুন চ্যানেল দিয়ে ফেরি চলতে পারবে। নতুন চ্যানেল দিয়ে ফেরি চললে আগের চেয়ে প্রায় ২০ মিনিট সময় কম লাগবে।