ঝিনাইদহের মহেশপুর

মাঠে পানি, অ্যাসেম্বলি বন্ধ

মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ৭০ ভাগই বছরের ৬ মাস থাকে পানির নিচে, শিশুদের দৌড়াদৌড়ি আর খেলাধুলার পরিবেশ নেই।

  • ৭২ শতক জমির ওপর ১৯৫৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

  • সম্প্রতি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ হয়েছে। যার একটি প্রধান ফটক।

  • বিদ্যালয় মাঠের ৭০ ভাগ বছরের ৬ মাস পানির নিচে থাকে।

  • বিদ্যালয়ে বর্তমানে ২২৬ জন শিক্ষার্থী রয়েছে। এখানে ৬ জন শিক্ষক আছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটুপানি। গত বুধবার বিদ্যালয় ভবনের সামনে

মাঠের সিংহভাগজুড়ে জমে আছে পানি, বাকি অংশে বড় বড় গর্ত। বিদ্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার পর তৈরি হওয়া এই গর্ত ভরাট করা হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের চলার জন্য আছে মূল ভবনের সামনে দিয়ে একটি সরু পথ। বাচ্চাদের খেলাধুলা ও অ্যাসেম্বলির কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন অবস্থা চলছে।

শিক্ষকেরা বলছেন, মাঠে মাটি ভরাট করা প্রয়োজন। তাঁরা এ জন্য সরকারের বিভিন্ন দপ্তর আর জনপ্রতিনিধিদের কাছে ঘুরেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। এখন সামান্য বৃষ্টি হলেই স্কুলমাঠে হাঁটুপানি জমে থাকে। পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই অবস্থা থাকে মাসের পর মাস। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে তাঁদের অভিমত।

বিদ্যালয়ে দুই থেকে তিন ফুট পানি জমে থাকে। এখনও বিদ্যালয়ের সামনে হাঁটুসমান পানি জমে আছে।
মো. মোশারফ হোসেন, প্রধান শিক্ষক

গত বুধবার সরেজমিনে মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয়ে দুটি একতলা ভবন রয়েছে। উত্তর পাশের ভবনটি নতুন আর পশ্চিমেরটা পুরাতন। সম্প্রতি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ হয়েছে। যার একটি প্রধান ফটক রয়েছে। এই ফটক থেকে একটি রাস্তা বেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চলে গেছে। সেখান থেকে আরেকটি শাখা রাস্তা প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে গিয়ে মিশেছে। ইতিপূর্বে থাকা আরেকটি রাস্তা দুই ভবনের মাঝ দিয়ে পূর্ব দিকে যাদবপুর-মহেশপুর সড়কে গিয়ে মিশেছে। এখন নতুন রাস্তা আর পুরোনো রাস্তার মধ্যে পড়েছে বিদ্যালয়ের খেলার মাঠ। যে স্থানটি অপেক্ষাকৃত নিচু। ওই স্থানে দুই থেকে তিন ফুট পানি জমে আছে। অফিস ভবনের মধ্যে জমে থাকা পানি সম্প্রতি নেমে গেছে, তবে স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করছে। এ ছাড়া নতুন ভবনের সামনে কিছুটা জায়গা রয়েছে, যেখানে বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এখানে পুরাতন আরেকটি ভবন ছিল, যা ভেঙে ফেলার পর তৈরি হওয়া গর্তগুলো আজও ভরাট করা হয়নি। বরং সেখানে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ইটপাটকেল।

কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সঙ্গে। তিনি জানান, ৭২ শতক জমির ওপর ১৯৫৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে ২২৬ জন শিক্ষার্থী রয়েছে। যাদের পাঠদানে ৬ জন শিক্ষক রয়েছেন। আছেন একজন দপ্তরি। বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। প্রতিবছর শতভাগ ছেলেমেয়ে পাস করছে ওই প্রতিষ্ঠান থেকে।

প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, বিদ্যালয় মাঠের ৭০ ভাগ বছরের ৬ মাস পানির নিচে থাকে। যেখানে দুই থেকে তিন ফুট পানি জমে থাকে। এখনও বিদ্যালয়ের সামনে হাঁটুসমান পানি জমে আছে। বৃষ্টির সময় এই পানি বেড়ে অফিসকক্ষেও প্রবেশ করে। তখন অফিসেও বসা যায় না।

প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে মাঠের পানি বেরিয়ে যেত। সেখানে এক ব্যক্তি বাড়ি করার পর পানি আটকে গেছে। এখন মাঠে মাটি ভরাট করা দরকার। মাটি দিয়ে জায়গাটা উঁচু করতে পারলে পানি বেরিয়ে যাবে। এ জন্য তিনি স্থানীয় একাধিক জনপ্রতিনিধির কাছে ছুটেছেন। বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছেন, তারপরও কোনো কাজ হয়নি। তিনি দাবি করেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফেরাতে আর কোমলমতি ছেলে-মেয়েদের কথা চিন্তা করে মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করা প্রয়োজন।

এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা ইতিমধ্যে চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করার ব্যবস্থা করেছেন। আগামীতে এডিবির বরাদ্দ থেকে মাঠে মাটি ভরাটের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছেন মাঠে আর জলাবদ্ধতা থাকবে না।