ধর্ষণে ব্যর্থ হয়ে মা–ছেলেকে হত্যা, ভারত থেকে ফিরিয়ে এনে আসামি গ্রেপ্তার

জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার রহমত উল্লাহ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড প্রশিকা মোড় এলাকায় বুকে জড়ানো অবস্থায় মা–ছেলের লাশ উদ্ধারের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে ব্যর্থ হয়ে রহমত উল্লাহ (২৯) নামের ওই তরুণ মা–ছেলেকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে ভারত থেকে ফিরিয়ে এনে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের এক মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আজমীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রহমত উল্লাহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুসদি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের প্রশিকা মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালানোসহ বিভিন্ন কাজ করেন। গত ৭ জানুয়ারি একই এলাকার নিজ ঘর থেকে এক নারী (২২) ও তাঁর ছেলের (৪) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩ জানুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মনোমালিন্যের কারণে ওই নারীর স্বামী অন্যত্র বসবাস করেন।

আসামিকে গ্রেপ্তার অভিযানে ছিলেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, একই এলাকায় থাকায় মাস চারেক আগে রহমত উল্লাহর সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ঘরে রং করার জন্য রহমত উল্লাহকে নিযুক্ত করেছিলেন তিনি। পরে তাঁদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে রহমত ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই নারী তাতে রাজি হননি। গত বছরের ২৮ ডিসেম্বর ওই নারী অসুস্থ বোধ করলে ওষুধ আনার জন্য রহমত উল্লাহকে ফোন করেন। ওষুধের সঙ্গে গোপনে ঘুমের ওষুধও আনেন রহমত। তিনি ওষুধগুলো খাওয়ার পর সাত দিনের মাথায় ঘুমের ওষুধ খাওয়ার জন্য বলে আসেন।

এসআই আমজাদ শেখ আরও বলেন, এরপর ৩ জানুয়ারি দুপুরে রহমত ওই নারীর বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ান। পরে রাত আটটায় আবার ঘরে উপস্থিত হন রহমত উল্লাহ। এ সময় ওই নারী ও তাঁর ছেলে ঘুমিয়ে ছিলেন। রহমত উল্লাহ ধর্ষণের চেষ্টা করলে ওই নারী জেগে ওঠেন এবং বাধা দেন। তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় শিশুটিও জেগে ওঠে। একপর্যায়ে রহমত দুই হাত দিয়ে দুজনের গলা চেপে ধরেন। মা–ছেলের মৃত্যু হলে রহমত উল্লাহ মুঠোফোন, নগদ ২ হাজার ৫০০ টাকা ও নূপুর নিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পর বিভিন্ন স্থানে পালিয়ে থেকে রহমত ২৩ জানুয়ারি এক দালালের সহযোগিতায় যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে জানান এসআই মো. আমজাদ শেখ। তিনি বলেন, এরপর ওই দালালের সহযোগিতায় কৌশলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জন্ডি সীমান্ত এলাকা দিয়ে তাঁকে বাংলাদেশে আনা হয়। গতকাল দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার রহমত উল্লাহ পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।