নান্দাইলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা নিল পুলিশ, গ্রেপ্তার ১

ধর্ষণ
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তরুণীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পুলিশ সুমন মিয়াকে আদালাতে পাঠিয়েছে।

এর আগে ২৩ ডিসেম্বর রাতে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের এক জঙ্গলে নিয়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই তরুণীর বাড়ি ভালুকা উপজেলায়। গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাবাঘারি গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় বেকার সুমন নামে পরিচিত। সুমন নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ-গফরগাঁও সড়কে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন। মামলার অভিযুক্ত আরেক তরুণ আমান উল্লাহ পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ভালুকায় পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে গফরগাঁও থেকে কোনাবাঘাড়ি গ্রামের এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণীর ভাষ্যমতে, সুমন ও আমান তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনার পর তরুণীর অবস্থার অবনতি ঘটলে দেওয়ানগঞ্জ বাজারে অবস্থিত একটি মন্দিরের কাছে ফেলে যাওয়া হয়। পরে লোকজন জড়ো হলে ওই তরুণী অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেন।

আজ বুধবার সকালে নান্দাইল মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় গতকাল মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় দুজন জড়িত বলে তদন্তে জানা গেছে।

ওই তরুণীর দাবি, তিনি ওই রাতেই ঘটনাটি খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়াকে জানিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেননি। বরং চেয়ারম্যানের লোকজন তাঁকে ভয় দেখিয়ে কিছু টাকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।

তরুণীর অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত গত রোববার প্রথম আলোকে বলেছিলেন, ওই তরুণী শুক্রবার রাতে তাঁর কাছে এলেও ধর্ষণের অভিযোগ করেননি। টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, বাড়িতে যাওয়ার জন্য তাঁকে ভাড়া বাবদ কিছু টাকা সাধা হয়েছিল।